ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল দখলের ইঙ্গিত দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আরও কিছু সময় পেলে যুক্তরাষ্ট্র সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারবে এবং ইরানের তেল নিয়ন্ত্রণে নিয়ে ‘বিপুল লাভ’ করতে সক্ষম হবে।তার এই বক্তব্যকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আরও কঠোর ও আক্রমণাত্মক অবস্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প একই দিনে আরেকটি পোস্টে আবারও ‘তেল দখলের’ প্রসঙ্গ তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন। খবর আল জাজিরার।
তবে কীভাবে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলবে বা ইরানের তেল দখল করা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা জানাননি তিনি। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, সংকীর্ণ এই প্রণালিতে তেলবাহী জাহাজকে নিরাপত্তা দেওয়া ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো দেশের প্রাকৃতিক সম্পদের ওপর সেই দেশেরই সার্বভৌম অধিকার রয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের এমন মন্তব্য নতুন করে আইনি ও কূটনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। বর্তমানে ইরানে যুক্তরাষ্ট্রের কোনো স্থলসামরিক উপস্থিতি নেই, তবে চলমান সংঘাতে দেশটি ইরানের সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
মনে করা হচ্ছে ট্রাম্পের এই ধরনের মন্তব্য যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :