মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার খনিজ ঘিরে যুক্তরাষ্ট্র-চীন ও রাশিয়ার লড়াই, কার কী কৌশল?

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১২:১৪ এএম

আফ্রিকার খনিজ ঘিরে যুক্তরাষ্ট্র-চীন ও রাশিয়ার লড়াই, কার কী কৌশল?

ডেইলি খবর ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) কোবাল্ট খনি থেকে শুরু করে মালির লিথিয়াম ভান্ডার এবং নাইজারের ইউরেনিয়াম ভান্ডার পর্যন্ত, আফ্রিকার খনিজ সম্পদ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে প্রতিযোগিতার এক ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে। খবর আল জাজিরার।

চীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সরবরাহ শৃঙ্খলে আধিপত্য বিস্তার করেছে। অন্যদিকে রাশিয়া নিরাপত্তা অংশীদারত্বের মাধ্যমে, বিশেষ করে সাহেল অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করেছে। এদিকে, যুক্তরাষ্ট্র কূটনীতি, বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্পের মাধ্যমে কৌশলগত সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতে চাইছে। এই প্রতিদ্বন্দ্বিতা শুধু খনিজ সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আফ্রিকার সম্পদকে বিশ্ব বাজারের সঙ্গে সংযোগকারী বন্দর, রেলপথ ও বাণিজ্য পথ পর্যন্ত বিস্তৃত। কিন্তু বিদেশি শক্তিগুলো যখন প্রবেশাধিকারের জন্য প্রতিযোগিতা করছে, তখন আফ্রিকার দেশগুলোর কী লাভ হতে পারে?

বিশ্ব শক্তিগুলো আফ্রিকার খনিজ সম্পদে কেন আগ্রহী?

আফ্রিকায় কোবাল্ট, লিথিয়াম, তামা ও ইউরেনিয়ামের বিশাল ভান্ডার রয়েছে, যা বৈদ্যুতিক যানবাহন ও নবায়নযোগ্য শক্তি থেকে শুরু করে উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা খাত পর্যন্ত বিভিন্ন শিল্পের জন্য অপরিহার্য সম্পদ।

চীনের ওপর নির্ভরশীলতা নিয়ে উদ্বেগের মধ্যে ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সুরক্ষিত করা একটি কৌশলগত অগ্রাধিকার হয়ে উঠেছে। ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন শিল্পের জন্য একটি কৌশলগত খনিজ ভান্ডার প্রতিষ্ঠার লক্ষ্যে ১২ বিলিয়ন ডলারের একটি উদ্যোগ ‘প্রজেক্ট ভল্ট’ ঘোষণা করেন।

চীন আফ্রিকার খনি, প্রক্রিয়াজাতকরণ এবং অবকাঠামোতে বছরের পর বছর ধরে বিনিয়োগ করে আসছে। দেশটির শুল্ক পরিসংখ্যান অনুসারে, গত বছর চীন ও আফ্রিকার মধ্যে বাণিজ্য রেকর্ড ৩৪ হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে, যা মহাদেশটির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বেইজিংয়ের অবস্থানকে আরও দৃঢ় করেছে।

রাশিয়ার অর্থনৈতিক প্রভাব তুলনামূলকভাবে অনেক কম। মস্কো প্রভাব বিস্তারের জন্য সামরিক সহযোগিতা এবং নিরাপত্তা অংশীদারত্বের ওপর ব্যাপকভাবে নির্ভর করেছে, বিশেষ করে সেসব দেশে যারা পশ্চিমা সরকারগুলো থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০২৩ সালে প্রতিষ্ঠিত ‘আফ্রিকা কোর’ মহাদেশটিতে ওয়াগনার গ্রুপের পূর্ববর্তী কার্যক্রমের বেশিরভাগই গ্রহণ করেছে। স্বর্ণও মস্কোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের নির্দেশে পরিচালিত ২০২৪ সালে র‍্যান্ড ইউরোপের একটি সমীক্ষায় এই মূল্যবান ধাতুটিকে আফ্রিকায় রাশিয়ার সম্পৃক্ততার একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই প্রতিযোগিতায় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র কেন কেন্দ্রীয় ভূমিকা পালন করছে?

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্যমতে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বিশ্বের বৃহত্তম কোবাল্ট উৎপাদক, যা ২০২৫ সালে বৈশ্বিক উৎপাদনের আনুমানিক ৭৩ শতাংশ সরবরাহ করেছে।

দেশটির খনি শিল্পে চীন একটি শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠা করেছে। সেখানে চীনা কোম্পানিগুলো বেশ কয়েকটি প্রধান তামা ও কোবাল্ট খনি প্রকল্পে মালিকানা বা অংশীদারত্ব নিয়েছে।

বেইজিং বৈশ্বিক কোবাল্ট পরিশোধন শিল্পেও আধিপত্য বিস্তার করেছে। এর ফলে খনিজ অন্যত্র উত্তোলন করা হলেও সরবরাহ শৃঙ্খলের ওপর তাদের যথেষ্ট প্রভাব থাকে।

ওয়াশিংটন এই অবস্থানকে চ্যালেঞ্জ করতে চাইছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। এর লক্ষ্য ছিল দেশটির গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সম্প্রসারণ এবং অবকাঠামো নির্মাণ ও প্রক্রিয়াকরণে বিনিয়োগ বৃদ্ধি করা। এই চুক্তির অধীনে কিনশাসা (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী) কৌশলগত খনিজ সম্পদ এবং অনুসন্ধান এলাকা চিহ্নিত করবে এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি যোগ্য অংশীদার বিনিয়োগকারীদের নির্দিষ্ট প্রকল্পে প্রথমে প্রস্তাব দেওয়ার অধিকার নিশ্চিত করবে। কিন্তু চুক্তি সম্পাদন করা আর খনি ও প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা দুটি ভিন্ন বিষয়।

চলতি মাসে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অর্থমন্ত্রী ড্যানিয়েল মুকোকো সাম্বা এই অংশীদারত্বকে বাস্তব বিনিয়োগে রূপান্তরিত করার জন্য ওয়াশিংটনকে অনুরোধ করেছেন। তিনি বলেছেন, অংশীদারত্বের সাফল্য স্বাক্ষরিত চুক্তির পরিবর্তে সম্পন্ন হওয়া প্রকল্পের মাধ্যমে পরিমাপ করা উচিত।

কিনশাসা চায়, বিনিয়োগ যেন শুধু কাঁচামাল রপ্তানি বৃদ্ধির পরিবর্তে অভ্যন্তরীণ খনিজ প্রক্রিয়াকরণ, বিদ্যুৎ সরবরাহ এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে।

পরিবহণ করিডোরগুলো কেন এই প্রতিদ্বন্দ্বিতার অংশ?

খনিজ সম্পদ সরবরাহ শৃঙ্খলের ওপর নিয়ন্ত্রণ কেবল খনির ওপরেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক বাজারে সম্পদ পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ওপরেও নির্ভর করে।

চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে আফ্রিকার সঙ্গে তাদের সম্পৃক্ততার কেন্দ্রবিন্দুতে অবকাঠামো খাতে বিনিয়োগকে রেখেছে, যার অধীনে কয়েক ডজন আফ্রিকান দেশ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

যুক্তরাষ্ট্র তাদের ইউরোপীয় ও আফ্রিকার অংশীদারদের সঙ্গে মিলে লোবিটো করিডোরকে সমর্থন করছে। এটি একটি পরিবহণ নেটওয়ার্ক, যা অ্যাঙ্গোলার আটলান্টিক উপকূলকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের তামা ও কোবাল্ট উৎপাদনকারী অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। এটির রেলপথ জাম্বিয়া পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এই করিডোরের উদ্দেশ্য হলো খনিজ রপ্তানির জন্য একটি আরও কার্যকর পথ তৈরি করা এবং একই সঙ্গে আঞ্চলিক বাণিজ্যকে শক্তিশালী করা।

ওয়াশিংটনের জন্য এ করিডোর সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার এবং চীন-প্রভাবিত নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমানোর একটি সুযোগও বটে। আফ্রিকান দেশগুলোর জন্য এই প্রকল্পটি পরিবহণ খরচ কমাতে এবং বিনিয়োগ আকর্ষণ করতে পারে। তবে এর বৃহত্তর সুফল নির্ভর করবে এটি স্থানীয় শিল্প ও সম্প্রদায়কে সমর্থন করবে কি না তার ওপর।

সাহেল অঞ্চল কেন আরেকটি মনোযোগের কেন্দ্রবিন্দু?

মালি এবং নাইজারে লিথিয়াম, সোনা ও ইউরেনিয়ামের উল্লেখযোগ্য মজুত রয়েছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র গোষ্ঠীর কার্যকলাপ বিদেশি বিনিয়োগকে জটিল করে তুলেছে। সামরিক অভ্যুত্থান এবং পশ্চিমা সরকারগুলোর সঙ্গে সম্পর্ক অবনতির পর উভয় দেশই মস্কোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করেছে। রাশিয়া এই অঞ্চলজুড়ে তাদের ‘আফ্রিকা কোর’-এর সদস্যদের মোতায়েন করেছে, যার মাধ্যমে সামরিক-নেতৃত্বাধীন সরকারগুলোর নিরাপত্তা অংশীদার হিসেবে তারা নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে।

ওয়াশিংটন এখন সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। ফেব্রুয়ারি মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা নিক চেকার মালি সফর করেন। এটি সম্পর্ক নতুন করে শুরু করার আকাঙ্ক্ষার ইঙ্গিত দেয় এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি ওয়াশিংটনের শ্রদ্ধার বিষয়টি পুনর্ব্যক্ত করে। এই কূটনৈতিক উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হলো, যখন বিভিন্ন বিদেশি কোম্পানি এই অঞ্চলের খনি খাতে সুযোগ খুঁজছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, গত বছর মালিতে প্রায় ৯ হাজার ৪০০ টন লিথিয়াম উৎপাদিত হয়েছে। এতে দেশটি আফ্রিকার অন্যতম প্রধান লিথিয়াম উৎপাদনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে।

গুলামিনা লিথিয়াম খনিতে চীনের স্বার্থ জড়িত রয়েছে; অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের একটি সহযোগী প্রতিষ্ঠান দুই বছর আগে বুগুলা লিথিয়াম প্রকল্পের জন্য অনুসন্ধান লাইসেন্স পেয়েছে।

মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও মালির স্বর্ণ খাতে সুযোগ অন্বেষণ করেছে। প্রতিবেশী দেশ নাইজারে ২০২৪ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর ইউরেনিয়ামকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পৃক্ততা নতুন করে গুরুত্ব পেয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মার্কিন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন ইউরেনিয়াম প্রকল্পে ৪১ কোটি ৪০ লাখ ডলার পর্যন্ত অর্থায়নের অনুমোদন দিয়েছে। কানাডীয় খনি কোম্পানি ‘গ্লোবাল অ্যাটমিক’ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। তবে এই অর্থায়ন কিছু শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো—স্থলবেষ্টিত এই দেশ থেকে ইউরেনিয়াম পরিবহণের জন্য একটি কার্যকর পথ নিশ্চিত করা। এই প্রকল্পটি প্রমাণ করে, নাইজারে রাশিয়ার সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও ওয়াশিংটন সেখানে অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আফ্রিকার এতে কী লাভবান হতে পারে?

আফ্রিকার সরকারগুলোর জন্য বিদেশি শক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতা বিনিয়োগ আকর্ষণ, অংশীদারত্বের বৈচিত্র্য আনা এবং খনিজ সম্পদের ক্ষেত্রে আরও ভালো শর্ত নিয়ে দর-কষাকষির সুযোগ তৈরি করেছে। তবে এর কিছু ঝুঁকিও রয়েছে।

খনি ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলোর মালিকানা বিদেশিদের হাতে থাকলে উৎপাদনকারী দেশগুলো কেবল কাঁচামাল রপ্তানির ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। এ ছাড়া নিরাপত্তাহীনতা, দুর্নীতি এবং দুর্বল অবকাঠামোর কারণে স্থানীয় জনগোষ্ঠী এই সম্পদের সুফল থেকে বঞ্চিত হতে পারে।

আফ্রিকার সরকারগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক আগ্রহকে এমন বিনিয়োগে রূপান্তর করা, যা কর্মসংস্থান সৃষ্টি করবে, অভ্যন্তরীণ প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়াবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।

আফ্রিকার খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ পেতে ওয়াশিংটন, বেইজিং ও মস্কোর মধ্যে যে প্রতিযোগিতা চলছে, তাতে আফ্রিকার দেশগুলোর জন্য আসল পরীক্ষাটি হয়ত এটি নয় যে—কোন বিশ্বশক্তি এই প্রতিযোগিতায় জয়ী হবে, বরং প্রশ্নটি হলো এই সম্পদের কতটা তারা নিজেদের কাছে ধরে রাখতে পারবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!