ডেইলি খবর ডেস্ক: মধ্য গাজায় নতুন এক সামরিক অভিযান চলাকালীন ইসরায়েলি বাহিনীর হাতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি দমন অভিযান ও হামলার মুখে শরণার্থী শিবিরগুলো থেকে দলে দলে ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। গাজা উপত্যকার হাসপাতালের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। খবর আলজাজিরার।
গাজায় অবস্থানরত আলজাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, বুধবার (১৮ নভেম্বর) ড্রোন হামলা ও গোলাবর্ষণের মধ্যে নুসাইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে এবং বুরেইজ শিবিরের উত্তর দিকে সালাহ আল-দিন সড়কের কাছে ইসরায়েলি ট্যাংকগুলো অভিযান চালাচ্ছিল।
আল-আওদা হাসপাতালের একজন কর্মকর্তা আলজাজিরাকে জানান, নুসাইরাত শিবিরের উত্তরে আল-মুগরাকা শহরে চালানো এক ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরার সংবাদদাতারা জানান, বুধবার নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তরাংশের পাশাপাশি ইসরায়েলি সামরিক অভিযানের কাছাকাছি এলাকাগুলো থেকে অসংখ্য পরিবার পালিয়ে গেছে।
এর আগে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘ইয়েলো লাইন’ এলাকায় মোতায়েন তাদের বাহিনীর ওপর থাকা হুমকি নির্মূল করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে। ‘ইয়েলো লাইন’ গাজায় ইসরায়েল-অধিকৃত অঞ্চলটির সীমানা নির্ধারণ করে, যা ২০২৫ সালের অক্টোবরে গাজা যুদ্ধবিরতির অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজা উপত্যকায় যেকোনো তাৎক্ষণিক হুমকি নির্মূল করতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া এবং অভিযান পরিচালনার স্বাধীনতা তাদের রয়েছে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের এই অভিযানকে ‘যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন’ হিসেবে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ‘সহিংসতা ও বোমাবর্ষণের হুমকির মুখে জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ এবং নাগরিকদের বাস্তুচ্যুত করা একটি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’
হামাস আরও বলেছে, ‘দখলদারদের এই কর্মকাণ্ডের লক্ষ্য হলো নাগরিকদের গাজা উপত্যকার একটি সংকীর্ণ অংশে গাদাগাদি করে আটকে রাখা, যা চলমান মানবিক বিপর্যয়কে আরও তীব্র করে তুলছে। হামাস জানিয়েছে, এই সামরিক অভিযানের পরিণতি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করে।
প্রাণঘাতী হামলা-হাসপাতালের কর্মকর্তারা আলজাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি অভিযানের ঘোষণার আগেই গাজা উপত্যকায় দুটি ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হন। আল-শিফা হাসপাতাল জানিয়েছে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেখ ইজলিন এলাকায় এক হামলায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজার দেইর এল-বালাহ এলাকায় পৃথক এক হামলায় একজন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে সাতজনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে এবং ১৫ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, ওই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং একজন আগের একটি হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :