বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০২:০৫ পিএম

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিশ্ববাণিজ্যে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি বড় বাণিজ্যিক অংশীদারের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে তার প্রশাসন। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তে বিভিন্ন দেশের সরকার উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দেখা দিয়েছে পতন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) ঘোষিত প্রস্তাবে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে।

চীনের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদনের অভিযোগ-মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, চীন বিভিন্ন শিল্পে ভর্তুকি দিয়ে কম দামে পণ্য উৎপাদন ও রপ্তানি করছে। ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ পণ্যের মতো খাতে অতিরিক্ত উৎপাদনের কারণে আন্তর্জাতিক বাজারে অন্য দেশগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।

তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, অতিরিক্ত উৎপাদনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বানও জানান তিনি।

প্রস্তাবিত নতুন শুল্কের আওতার বাইরে থাকতে পারে প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা পণ্য। দ্বিপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার আওতায় এসব পণ্যের শুল্ক কমানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

শুল্কের আওতায় বাংলাদেশসহ ১৪ অংশীদার-চীন ছাড়াও নতুন শুল্কের প্রস্তাবের আওতায় রয়েছে বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশ।

অন্যদিকে মেক্সিকো ও নরওয়েকে আপাতত এ তালিকার বাইরে রাখা হয়েছে। দেশ দুটির বাণিজ্যচর্চা নিয়ে তদন্ত এখনো চলমান।

প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ ও সুইজারল্যান্ড-নতুন শুল্ক প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের তদন্তের ফলাফল পর্যালোচনা করবে। তবে ইউরোপকে অতিরিক্ত উৎপাদনের উৎস হিসেবে দেখানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে জোটটি।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ গিল বলেন, ইউরোপ বরং অতিরিক্ত উৎপাদনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। সুইজারল্যান্ড সরকারও তদন্তে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, তাদের দেশের প্রতিষ্ঠানগুলো বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে।

পতন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে-নতুন শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ০.৬ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.২৫ শতাংশ কমে লেনদেন শেষ করে। তবে ডাও জোন্স সূচক আগের অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে ০.৩ শতাংশ বেড়ে দিনের লেনদেন শেষ করে।

এদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারি বন্ডের মুনাফার হারও কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক ঘোষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যও বাজারে প্রভাব ফেলেছে। মূল্যস্ফীতির একটি গুরুত্বপূর্ণ সূচক ০.৩ শতাংশ বাড়ায় সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। সংগৃহীত ছবি. সূত্র: আল জাজিরা

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!