সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ইন্টারসেপ্টর মিসাইল শেষ,ইরানে মার্কিন হামলা বন্ধ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:১৬ এএম

ইন্টারসেপ্টর মিসাইল শেষ,ইরানে মার্কিন হামলা বন্ধ

ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্ক: ইরানে টানা প্রায় দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে নতুন করে হামলা চালানো বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করে ট্রাম্প প্রশাসন। ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইলের মজুত শেষ হয়ে যাওয়ার শঙ্কাই ছিল এ সিদ্ধান্তের প্রধান কারণ।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। একই সঙ্গে মার্কিন প্রশাসনের ভেতরে এমন সংশয়ও ছিল যে, হামলা আরও বাড়ালেও তাতে ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা যাবে না।

মূলত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে কি না, তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টাদের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে যাওয়ার বিষয়টি। পরে এ কারণেই যুক্তরাষ্ট্র আপাতত হামলা আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রভাবশালী মার্কিন এই পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা শেষে তিনি আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। আলোচনার বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ব্যক্তিগতভাবে জানান, মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে সক্ষম হলেও, সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত শেষ হয়ে যেতে পারে।

আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, প্রশাসনের ভেতরে এমনও সংশয় ছিল যে, হামলা আরও জোরদার করলে তা ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে না। বরং সাম্প্রতিক হামলাগুলো ইরানকে আরও ঐক্যবদ্ধ করেছে এবং বিদেশি হুমকি মোকাবিলায় মনোযোগী করে তুলেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ছিল প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রথম শান্ত দিন। এরপর শনিবারও ইরানে হামলা চালায়নি দেশটি। এর আগে টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র প্রতি রাতে ইরানের সামরিক-বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়।জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায়।সুত্র-নিউইয়র্ক টাইমস

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!