বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সেনেগাল থেকে এবার ইউরোপগামী নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ ১৭৫

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১১:১২ এএম

সেনেগাল থেকে এবার ইউরোপগামী নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ ১৭৫

ডেইলি খবর ডেস্ক: সেনেগাল থেকে ইউরোপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ১৭৫ জন অভিবাসীর খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রায় দুই সপ্তাহ আগে দেশটির রাজধানী ডাকারের উপকূল থেকে যাত্রা করা কাঠের নৌযানটির সন্ধানে তল্লাশি জোরদারের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। খবর রয়টার্সের।

স্থানীয় কর্মকর্তা ও একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, গত ৯ বা ১০ নভেম্বর ডাকারের ইয়ফ এলাকা থেকে নৌযানটি ছেড়ে যায়। স্থানীয়ভাবে ‘পিরোগ’ নামে পরিচিত কাঠের নৌযানটিতে প্রায় ১৭৫ জন ছিলেন বলে জানিয়েছেন ইয়ফের মেয়র সেদিনা ইসা লায়ে। স্থানীয় মাছ ধরার ঘাটের সচিবও নৌযানটির যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন।

মানবাধিকারবিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ জানিয়েছে, নৌযানটিতে থাকা ১৭২ জন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এদিকে সোমবার পাঁচটি পিরোগ থেকে ৯৭৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে সেনেগালের নৌবাহিনী। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার, আটক অথবা সেনেগাল উপকূল থেকে যাত্রা শুরুর আগেই ফিরিয়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি মাসে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা বেড়েছে। নভেম্বরের প্রথম ১২ দিনেই আট হাজারের বেশি মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।

পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার এই সমুদ্রপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ পথে যাত্রা করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডার্সের হিসাবে, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এই পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!