সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী তৃতীয় রণতরি পৌছেছে, বাহরাইনে মার্কিনিদের প্রতি সতর্কতা জারি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০১:২১ পিএম

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী তৃতীয় রণতরি পৌছেছে, বাহরাইনে মার্কিনিদের প্রতি সতর্কতা জারি

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী তৃতীয় রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। রণতরিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় আগে থেকে মোতায়েন থাকা আরও দুটি বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হয়েছে। ওদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম হামলার জন্য ইরান অপেক্ষা করবে না। তিনি ইঙ্গিত দিয়েছেন, কূটনীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র হয়তো সময় নিচ্ছে, যাতে আরেকটি হামলার প্রস্তুতি সম্পন্ন করতে পারে।

এমন অবস্থায় বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে ইরান ও হুতিদের পক্ষ থেকে হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। এর আগে মানামা জানিয়েছিল, ইরানের হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসব হামলাকে তেহরানের পদ্ধতিগত আগ্রাসনের অংশ হিসেবে আখ্যায়িত করেছে বাহরাইন। এর আগে ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়। ওদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির প্রধান মার্কওয়েন মুলিন বলেন, মার্কিন ভূখণ্ডে সম্ভাব্য ইরানি হামলার হুমকির মুখে দেশটি সতর্ক রয়েছে এবং তা মোকাবিলায় প্রস্তুত।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হুমকি সম্পর্কে জানতে চাইলে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মুলিন বলেন, প্রতিদিন প্রেসিডেন্টের ব্রিফিংয়ের সময় আমরা ইরানের কাছ থেকে সম্ভাব্য হুমকির বিষয়ে তথ্য পাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আমরা সম্পূর্ণ প্রস্তুত। প্রতিদিনই আমরা এসব বিষয় পর্যবেক্ষণ করি। এ বিষয়ে আমরা সরাসরি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের (ডিওডব্লিউ) সঙ্গে সমন্বয় করি। মুলিন আরও বলেন, আমাদের কাছে তথ্য প্রকাশের আগেই আমরা এসব হুমকি সম্পর্কে অবগত ছিলাম। তবে কখনো কখনো এসব নিছক কথাবার্তা বা গুঞ্জন হতে পারে। কিন্তু আমরা প্রতিটি কথাকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং সব সময় প্রস্তুত থাকি।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অংশীদার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। এর ফলে তাদের প্রত্যেকেই সুবিধা পাচ্ছে। ইরানি শাসকগোষ্ঠী যদি তাদের ওপর হামলা চালাতে না পারে, তাহলে তারা প্রত্যেকেই আরও নিরাপদ অবস্থানে থাকবে।

এ অবস্থার মধ্যে বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ করার যে প্রতিশ্রুতি ডনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, তা পূরণে তার মনোযোগ দেয়া উচিত। ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে আমেদি বলেন, ইরানের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার মাধ্যমে ট্রাম্প শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বে শান্তি ও সমৃদ্ধি আনতে পারেন।

ট্রাম্পকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। আমেদি বলেন, আমি চাই, তিনি নির্বাচিত হওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে ফিরে যান। তার প্রতিশ্রুতি ছিল সব যুদ্ধ বন্ধ করা। সেটা ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ হোক কিংবা বিশ্বের অন্য যেকোনো যুদ্ধ। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো নয়, বরং যুদ্ধের মাঝপথে থেমে যাওয়াই ছিল বলে মনে করেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। 

ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা পেন্স এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, অপারেশন এপিক ফিউরিতে আমাদের সামরিক বাহিনীর অসাধারণ প্রতিক্রিয়া এবং গত বছর ইরানের ওপর হামলা দেখার পরও, ব্যাখ্যাতীত কারণে আমরা পাঁচ সপ্তাহ পর থেমে গিয়েছিলাম। তিনি আরও বলেন, আমরা তাদের নৌবাহিনী ডুবিয়ে দিয়েছিলাম। ইরানের আকাশে আমাদের সম্পূর্ণ আধিপত্য ছিল। দেশটির ১৫ হাজার সামরিক স্থাপনা ধ্বংস করেছিলাম। এরপর আমরা বিরতি নিলাম এবং তুষ্ট করার রাজনীতিকে আলিঙ্গন করতে শুরু করলাম।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!