ডেইলি খ্বর ডেস্ক: ইরানের পারমাণবিক উপাদান শান্তিপূর্ণ কর্মকাণ্ডের বাইরে অন্য কোনো কাজে সরিয়ে নেওয়া বা অপব্যবহার করা হচ্ছে কি না, এমন নিশ্চয়তা দিতে পারছে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। ইরানের অসহযোগিতার কারণে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে এমন উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৩ নভেম্বর) রয়টার্স, সিবিসি ও বিবিসি নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের হাতে আসা ইরানবিষয়ক এক গোপন প্রতিবেদনে আইএইএ বলেছে, ইরানের সহযোগিতার অভাবে দেশটির ঘোষিত পারমাণবিক উপাদান শান্তিপূর্ণ কর্মকাণ্ড থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া বা অপব্যবহার করা হয়েছে কি না, এমন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
প্রতিবেদনে ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নিয়েও ‘ক্রমবর্ধমান উদ্বেগ’ প্রকাশ করেছে সংস্থাটি। গত বছর ইরান স্থাপনাটির বিষয়ে আইএইএকে জানালেও এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি দেয়নি তেহরান।
২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে সেসব স্থাপনায় আইএইএর পরিদর্শকদের ফিরতে দেয়নি ইরান। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সর্বশেষ যুদ্ধেও দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে। এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি চেয়ে বারবার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
নতুন প্রতিবেদনে আইএইএ বলেছে, আর দেরি না করে ইরানে যাচাই কার্যক্রম পরিচালনা করা ‘অত্যন্ত জরুরি’। সংস্থাটির মহাপরিচালক ইরানকে এমন কিছু কারিগরি ও পর্যায়ক্রমিক পদক্ষেপ বিবেচনার আহ্বান জানিয়েছেন, যাতে আইএইএর পরিদর্শকেরা আবার দেশটিতে ফিরতে পারেন।
প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনা ও সংশ্লিষ্ট এলাকায় সামরিক হামলার ফলে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্বীকার করেছে আইএইএ। তবে সংস্থাটির সঙ্গে সহযোগিতার অভাব পারমাণবিক অস্ত্র বিস্তারের বিষয়ে ‘গুরুতর উদ্বেগ’ তৈরি করেছে। জরুরি ভিত্তিতে এ পরিস্থিতির সমাধান প্রয়োজন।
গত সেপ্টেম্বরে পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত তথ্য জানানোর বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় আইএইএর পরিচালনা পর্ষদ ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠায়। ২০ বছরের মধ্যে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়।
২০২৫ সালের জুনে হামলার আগে আইএইএর হিসাব অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম ছিল। পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ বিশুদ্ধতার কাছাকাছি এই মাত্রা। একই সঙ্গে তা ২০১৫ সালে ইরানের সঙ্গে করা এখন বিলুপ্ত চুক্তিতে নির্ধারিত ৩ দশমিক ৬৭ শতাংশ সীমার অনেক বেশি।
২০২৫ সালের জুনের পর থেকে ইরানের এই পারমাণবিক মজুতের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তেহরান বরাবরই পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে এত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো শান্তিপূর্ণ ব্যবহার নেই বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আইএইএ।
আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি গত জুনে বলেছিলেন, ২০২৫ সালের জুনের আগের অবস্থানেই ইরানের পারমাণবিক ইউরেনিয়ামের মজুত রয়েছে; এমন ধারণাই ব্যাপকভাবে প্রচলিত। ধারণা করা হচ্ছে, এর একটি অংশ ইসফাহান জ্বালানি সমৃদ্ধকরণ স্থাপনার (আইএফইপি) কাছাকাছি রয়েছে।
২০২৫ সালের ১৩ জুন স্থাপনাটি পরিদর্শনের পরিকল্পনা ছিল আইএইএর। কিন্তু ওই দিনই ইরানে বোমা হামলা শুরু হওয়ায় তা আর সম্ভব হয়নি।
নতুন প্রতিবেদনে সংস্থাটি বলেছে, স্থাপনাটির সঠিক অবস্থান, নিরাপত্তা যাচাইয়ের আওতায় এর বর্তমান অবস্থা কিংবা সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, কোনোটিই তাদের জানা নেই। তথ্য ও পরিদর্শনের সুযোগ না থাকায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
প্রতিবেদনে শুধু ইসফাহানের স্থাপনা নয়, ইরানের সব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার অবস্থা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কে আইএইএকে জানানোর আহ্বানও পুনর্ব্যক্ত করা হয়েছে। এসব উপাদানের মধ্যে অস্ত্র তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি ইউরেনিয়ামও রয়েছে। পাশাপাশি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শকদের ফিরতে দেওয়া এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাব দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গত সেপ্টেম্বরে আইএইএর পরিদর্শকেরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে পেরেছিলেন। তবে দেশটির অন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তাদের প্রবেশাধিকার নেই।প্রতিবেদনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইএইএ ও ইরানের মধ্যে হওয়া চিঠি বিনিময়ের বিবরণও তুলে ধরা হয়েছে।
আইএইএকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে দেশটির বিরুদ্ধে, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে, আরও সামরিক হামলার ধারাবাহিক ও প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানে পরিদর্শন পুনরায় শুরুর বিষয়ে আলোচনা সম্ভব নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির মূল কারণগুলোর সমাধান এবং স্বাভাবিক নিরাপত্তা যাচাই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় শর্ত পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ অচলাবস্থা কাটবে না বলে জানিয়েছে তেহরান। তবে প্রাসঙ্গিক আইনি ও বাস্তব পরিস্থিতি অনুকূলে এলেই নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা পুরোপুরি বাস্তবায়ন শুরুর বিষয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান।
এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণারও সমালোচনা করেছে তেহরান। আইএইএকে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে সংস্থাটির কার্যক্রমের গোপনীয়তা রক্ষার গুরুত্ব তুলে ধরেছে দেশটি। ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত তথ্য যেন প্রকাশ, অপব্যবহার বা অন্য কোনো উদ্দেশ্যে কাজে লাগানো না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।
বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে আইএইএ ইরানকে জানিয়েছে, সংস্থাটি সব গোপনীয় তথ্যের সুরক্ষা দেবে। এর আগে যুক্তরাষ্ট্রের ২ কোটি ডলারের পুরস্কার ঘোষণার বিষয়টি আইএইএকে জানিয়েছিল তেহরান।
গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী এ পুরস্কার ঘোষণা করে। বুধবার এর প্রতিবাদ জানিয়ে ইরান আইএইএ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায়, তারা যেন এ ঘোষণার নিন্দা জানায়। সংগৃহীত ছবি, সূত্র : সিবিসি নিউজ

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :