মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন হামলা, নিহত অন্তত ১১

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৯:২৩ পিএম

ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন হামলা, নিহত অন্তত ১১

ডেইলি খবর ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তু হয়েছে কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির জাতীয় বিজ্ঞান একাডেমির ভবনও। যুদ্ধ শুরুর পর এ হামলাকে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক ড্রোন আক্রমণ বলে উল্লেখ করেছে রয়টার্স।

জাতীয় বিজ্ঞান একাডেমির ভবনে ড্রোনের আঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি জানিয়েছেন, দেশের অন্যান্য এলাকায় হামলায় আরও ৯ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। জরুরি পরিষেবা জানিয়েছে, বিজ্ঞান একাডেমির ভবনের ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীতে কয়েক দফা হামলায় ২৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিজ্ঞান একাডেমির পাশাপাশি ওষুধ কোম্পানি, পেট্রল স্টেশন, চিকিৎসাকেন্দ্র, ব্যবসাপ্রতিষ্ঠান, বেসামরিক স্থাপনা ও যোগাযোগ অবকাঠামোতেও হামলা হয়েছে বলে জানিয়েছেন নগর কর্মকর্তারা।

জেলেনেস্কি তার রাতের ভিডিও বক্তৃতায় বলেন, রাশিয়ার দ্রুতগতির জেট ইঞ্জিনচালিত ড্রোন প্রতিরোধে ইউক্রেইন এখনও সমস্যায় পড়ছে। প্রপেলারচালিত ড্রোনের তুলনায় উঁচু দিয়ে দ্রুতগতিতে উড়ে আসা এসব ড্রোন ঠেকানো কঠিন হচ্ছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার ছোড়া ১২০টি ড্রোনের মধ্যে ৯০টি ছিল জেটচালিত। ইউক্রেন মোট ড্রোনের ৫৭ শতাংশ প্রতিহত করতে পেরেছে।

কয়েক সপ্তাহ ধরে কিইভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে উচ্চগতির জেট ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। মঙ্গলবারের হামলায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রো শহরের একটি ব্যবসা কেন্দ্রে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। শহরটির দক্ষিণ-পূর্বে সিনেঁলনিকোভে ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। একই অঞ্চলের জাপোরিজিয়ায় আরেকটি ড্রোন হামলায় আহত হয়েছেন ৩২ জন।

কিয়েভের জাতীয় বিজ্ঞান একাডেমির ঐতিহাসিক ভবনে হামলার পর সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ভবনের কয়েকটি স্থানে আগুনও জ্বলছিল। রয়টার্সের পাওয়া ভিডিওতে দেখা গেছে, দমকলের মই ব্যবহার করে ভবনের ওপরের তলার জানালা দিয়ে কয়েকজনকে নামিয়ে আনা হচ্ছে। ওই জানালাগুলো থেকে তখন প্রচুর ধোঁয়া বের হচ্ছিল।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া গুদাম, বন্দর ও জ্বালানি অবকাঠামোর পাশাপাশি অর্থনৈতিক স্থাপনাগুলোতেও হামলার বিস্তার ঘটিয়েছে। এর মধ্যে রয়েছে ডেটা সেন্টার ও টেলিযোগাযোগ অবকাঠামো।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!