আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন এক বিশ্লেষক।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি আল জাজিরাকে বলেন, ইরান এখনই আত্মসমর্পণ বা কোনোভাবে নতি স্বীকার করবে বলে মনে হয় না। তার মতে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এলমাসরি বলেন, মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান এবং ইরানের ওপর বাড়তে থাকা অর্থনৈতিক চাপের জবাব দিতে তেহরান সংঘাত বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। নভেম্বরের নির্বাচন যত এগিয়ে আসবে, ততই এ ধরনের পরিস্থিতির সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।
ইরান এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও অবরোধ শিথিল করার বিনিময়ে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি রূপরেখা দেয়। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং হিমায়িত সম্পদের একটি অংশ ছাড়ার বিষয়ও ছিল।
এলমাসরির মতে, হরমুজ নিয়ে ইরানের প্রস্তাবকে ট্রাম্পের জন্য একটি সম্ভাব্য সমঝোতার সুযোগ হিসেবেও দেখা যেতে পারে। তার ভাষ্য, এর মাধ্যমে নভেম্বরের ভোটের আগে তেল ও গ্যাসের দাম কমানোর পথ তৈরি হতে পারত।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই বড় ধরনের অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে। একই সঙ্গে জ্বালানির দাম ও যুদ্ধের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রেও চাপ রয়েছে।
তবে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে অগ্রগতি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর হতে পারে। অন্যদিকে ইরান জানিয়েছে, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনো রয়েছে।
ফলে হরমুজ প্রণালি, অর্থনৈতিক অবরোধ এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান কতটা কাছাকাছি আসে, তার ওপর আগামী দিনের পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে। সংগৃহীত ছবি,সূত্র: আল জাজিরা

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :