বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে মার্কিন যুক্তরাষ্ট্র

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৯:৩৯ পিএম

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে মার্কিন যুক্তরাষ্ট্র

ডেইলি খবর ডেস্ক: ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন কিয়েভকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির ‘অধিকার’ দেবে। খবর বার্তা সংস্থা এএফপির।

বুধবার (৮ জুলাই) আঙ্কারায় জেলেনস্কিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তার মধ্যে একটি হলো— আমরা আপনাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিতে যাচ্ছি। এটা বেশ দারুণ ব্যাপার, তাই না? এর ফলে আপনারা আর এই অভিযোগ করতে পারবেন না যে আমরা আপনাদের পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র দিচ্ছি না।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমরা এখনো প্যাট্রিয়ট প্রস্তুতকারী কোম্পানিটিকে এই বিষয়ে জানাইনি, তবে সব ঠিকঠাক হয়ে যাবে।’

যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর (ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ব্যবস্থা)-এর সরবরাহ কমে আসায়, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেন বেশ হিমশিম খাচ্ছিল।

সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভের ওপর মস্কোর তীব্র বোমাবর্ষণ সত্ত্বেও, ইউক্রেন সম্মুখ যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি স্থিতিশীল রেখে এবং রাশিয়ার অভ্যন্তরে জোরালো আঘাত হানার মাধ্যমে যুদ্ধের মোড় নিজেদের দিকে ঘোরাতে শুরু করেছে বলে মনে হচ্ছে।


প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রাশিয়ার অভ্যন্তরে চালানো এই আঘাতগুলো যুদ্ধ অবসানের ক্ষেত্রে সহায়ক হতে পারে। ট্রাম্পের ভাষায়, ‘এটি একধরনের উত্তেজনা বৃদ্ধি, তবে এটি এমন এক উত্তেজনা যা যুদ্ধ থামানোর ক্ষেত্রেও সাহায্য করতে পারে।’

মার্কিন প্রেসিডেন্ট আবারও তার এই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন যে, জেলেনস্কি এবং রুশ নেতা ভ্লাদিমির পুতিন—উভয় পক্ষই যুদ্ধ থামাতে একটি চুক্তিতে পৌঁছাতে চান।

ডোনাল্ড ট্রাম্প বলেন ‘প্রেসিডেন্ট (জেলেনস্কি) এটি সমাধান করতে চান এবং আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট পুতিনও এটি সমাধান করতে চান; আর এটাই চুক্তিতে পৌঁছানোর জন্য একটি ভালো সুযোগ হওয়া উচিত।’সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!