বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ইরানে অপারেশন ৬৭ দিনে সমাপ্ত ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০২:৩৩ পিএম

ইরানে অপারেশন ৬৭ দিনে সমাপ্ত ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ৬৭তম দিনে ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (৫ সে) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানিয়েছেন।রুবিও বলেন, ‘অপারেশন শেষ। প্রেসিডেন্ট কংগ্রেসকে জানিয়েছেন, ‘এপিক ফিউরির’ আমরা সেই ধাপ শেষ করেছি। এই অভিযানের উদ্দেশ্যগুলো আমরা অর্জন করেছি। আমরা এখন এই ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে কাজ করছি।’ এই প্রজেক্ট মূলত হরমুজ প্রণালির মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ট্রাম্পের একটি উদ্যোগ।
এর আগে হোয়াইট হাউস গত সপ্তাহে কংগ্রেসকে জানিয়েছিল যে, ইরানের বিরুদ্ধে শত্রুতা ‘সমাপ্ত’ করা হয়েছে। এ জন্য আইনপ্রণেতাদের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে। তবে, আলোচনা ভেস্তে গেলে বা ইরান বর্তমান যুদ্ধবিরতি ভঙ্গ করলে বোমা হামলা পুনরায় শুরু করার সম্ভাবনা ট্রাম্প নাকচ করেননি।
রুবিও বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত প্রশ্নগুলোর সমাধান আলোচনার মাধ্যমেই করা হবে। আলোচনার প্রসঙ্গে বলতে গেলে, আমি মনে করি প্রেসিডেন্ট এটা স্পষ্ট করে দিয়েছেন যে, আলোচনা প্রক্রিয়ার একটি অংশ হিসেবে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণই নয়, বরং ভূগর্ভের গভীরে থাকা এই উপাদানগুলোর কী হবে, সেটাও অন্তর্ভুক্ত থাকতে হবে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি আলোচনাকে বিপন্ন করতে চাই না, তবে এটুকু বলাই যথেষ্ট যে প্রেসিডেন্ট এবং এই পুরো দল প্রস্তাবগুলোর গুরুত্ব সম্পর্কে জানেন এবং এর সমাধান কোনো না কোনোভাবে করতেই হবে।’সূত্র: সিএনএন

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!