ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনার চলাকালে বাইরে গুলির শব্দ শোনা যাওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত বার্ষিক এই মিডিয়া অনুষ্ঠানে ট্রাম্প ও ফার্স্ট লেডি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগমুহূর্তে বলরুমের বাইরে গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী তৎক্ষণাৎ প্রেসিডেন্টকে সরিয়ে নেয়। খবর আল জাজিরার। পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদ আছেন।
ট্রাম্প লিখেছেন, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ নিরাপদে আছেন। আমরা অল্প সময়ের মধ্যেই হোয়াইট হাউস থেকে প্রেস ব্রিফিং করব।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেন। ট্রাম্প বলেন, তারা দ্রুত এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।প্রেসিডেন্ট আরও জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি অনুষ্ঠানটি পরে পুনঃনির্ধারণ করার কথাও উল্লেখ করেন।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, গুলির শব্দ শোনামাত্র উপস্থিত অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। অনেকে ‘নিচে নামুন’ এবং ‘নিচেই থাকুন’ বলে চিৎকার করেন।
পরবর্তীতে সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং পুরো এলাকা ঘিরে ফেলে।একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, তিনি অন্তত পাঁচটি গুলির শব্দ শুনেছেন এবং বারুদের গন্ধও টের পেয়েছেন। ঘটনাটি বলরুমের প্রবেশপথের ঠিক বাইরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্ত চলছে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :