ডেইলি খবর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি আলোচনা‘ সংক্রান্ত দাবিকে নাকচ করে দিয়েছে ইরান। আজ বুধবার (২৫মার্চ)দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েল ও এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং তা অব্যাহত রাখবে। খবর আলজাজিরার।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারসের এক প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি তাদের ‘অপারেশন ট্রু প্রমিজ-৪‘-এর আওতায় ৮০তম দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। এই দফায় উত্তর ইসরায়েলের সাফদ শহরের একটি কৌশলগত সামরিক ঘাঁটির পাশাপাশি তেল আবিব, কিরিয়াত শমোনা ও বেনি ব্রাক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ইরানের এই হামলা অব্যাহত রয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ‘ইরানি নেতাদের সঙ্গে শান্তি আলোচনা‘ চলমান রয়েছেন। তবে ইরান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনার অস্তিত্ব সরাসরি অস্বীকার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে কূটনীতির চেয়ে যুদ্ধক্ষেত্রকেই প্রধান্য দেওয়া হচ্ছে।
তেহরান জোর দিয়ে বলেছে, যেকোনো আলোচনার আগে সুনির্দিষ্ট গ্যারান্টি থাকতে হবে। তাদের প্রধান দাবি—যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে (কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়),ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে না এমন নিশ্চয়তা দিতে হবে এবং ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে।
ট্রাম্পের দাবি করা ‘উপহার’ বা সমঝোতার বিপরীতে ইরান স্পষ্ট করেছে, হরমুজ প্রণালি নিয়ে ইরানের বর্তমান অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
ইরানের সাধারণ মানুষ ও বিশ্লেষকদের মধ্যে এই কথিত আলোচনা নিয়ে বিভ্রান্তি বিরাজ করছে। কে বা কারা ইরানের প্রতিনিধিত্ব করছেন, সে বিষয়ে খোদ ইরানিরাই অন্ধকারে রয়েছেন। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :