রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিজুড়ে ব্যাপক ধরপাকড়,১ সপ্তাহেই গ্রেপ্তার ৯ হাজারের বেশি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১১:০৫ পিএম

সৌদিজুড়ে ব্যাপক ধরপাকড়,১ সপ্তাহেই গ্রেপ্তার ৯ হাজারের বেশি

ডেইলি খবর ডেস্ক: সৌদি আরব গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন, ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জনকে আটক করা হয়েছে। দেশটির সীমান্ত দিয়ে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার অভিযোগে আটক হয়েছেন আরও ২১ জন।
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ কিংবা তাদের পরিচয় গোপন রাখতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ২৩ জনকে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের আইন লঙ্ঘনকারী মোট ৩৮ হাজার ৪৮৩ জন প্রবাসীর বিরুদ্ধে বর্তমানে আইনগত প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে পুরুষ ৩৬ হাজার ৩৭৮ জন এবং নারী ২ হাজার ১০৫ জন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ হাজার ২২ জনকে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ভ্রমণের টিকিট ও বুকিং সম্পন্ন করতে পাঠানো হয়েছে ৮ হাজার ৮৪০ জনকে। এ ছাড়া ১৩ হাজার ৯৩৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আইন লঙ্ঘনকারীদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের সৌদি আরবে প্রবেশে সহায়তা, দেশের ভেতরে পরিবহন, আশ্রয় দেয়া কিংবা যেকোনো ধরনের সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেয়ার কাজে ব্যবহৃত আবাসন বাজেয়াপ্ত করা হতে পারে। অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়ও প্রকাশ করা হতে পারে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব অপরাধ গুরুতর হিসেবে বিবেচিত। এগুলোর জন্য অভিযুক্তদের আটক রাখা হতে পারে। একই সঙ্গে এসব অপরাধকে অসততা ও আমানতের খেয়ানতের শামিল বলে গণ্য করা হয়।

আইন লঙ্ঘনের ঘটনা জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির মন্ত্রণালয়। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।
সৌদি মন্ত্রণালয় আশ্বস্ত করেছে, অভিযোগকারীদের পরিচয় ও তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং অভিযোগ জানানোর কারণে তাদের কোনো দায়ের মুখোমুখি হতে হবে না।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!