রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩০

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ১১:২৭ এএম

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩০

ডেইলি খবর ডেস্ক: মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় বিয়ের অনুষ্ঠান ও বাজারসহ বিভিন্ন স্থানে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে এবং পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-ইউতে একটি বাজারে এসব হামলা চালানো হয়।

একটি আন্তর্জাতিক আদালতে মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পরবর্তী সপ্তাহে এসব হামলার ঘটনা ঘটল। এতে দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধে প্রাণহানির সংখ্যা আরও বাড়ল।

উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই শহরে বিয়ের অনুষ্ঠানে চালানো বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। সংঘাতের কারণে বাস্তুচ্যুত ব্যক্তিরাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা কয়েকটি ভিডিওতে রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা এএফপি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

হামলার বিষয়ে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, বোমা বিস্ফোরণের আগে মাথার ওপর দিয়ে একটি উড়োজাহাজ উড়ে যেতে শুনেছিলাম। পরে ঘটনাস্থলে গিয়ে ১৭টি মরদেহ দেখতে পায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি ১৭টি মৃতদেহ দেখেছি এবং অনেককে আহত অবস্থায় পেয়েছি। আমি এতটাই হতবাক হয়ে পড়েছিলাম যে বুঝতে পারছিলাম না, কাকে আগে উদ্ধার করব।’ আমার ভাগ্নিসহ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

বাস্তুচ্যুত ব্যক্তিদের শিবিরে সহায়তা দেওয়া সংস্থা নওয়ে উ ইয়াং চি ফাউন্ডেশনের প্রধান ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এ ছাড়া ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তিনি জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্বিতীয় বোমাটি ফেলা হয়।

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শান ও কায়াহ (কারেনি নামেও পরিচিত) রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিরোধী শক্তিগুলোর সক্রিয়তা রয়েছে। এ অঞ্চলে সংঘাতের কারণে বাস্তুচ্যুত বহু মানুষ বসবাস করছেন।

হামলার প্রত্যক্ষদর্শী ছয়টি ভিডিও সরবরাহ করেছেন। এর একটি ভিডিওতে তাকে রক্তাক্ত এক শিশুকে কোলে নিয়ে কাঁদতে দেখা যায়। শিশুটি তাকে জিজ্ঞেস করছিল, ‘আমার বাবা-মা কোথায়? তাদের কি কিছু হয়েছে? তারা কোথায়? দয়া করে আমার মাকে ডাকুন।’

জবাবে ওই ব্যক্তি শিশুটিকে বলেন, ‘চিন্তা করো না, আমি তোমার মাকে ডাকব। তবে আগে চিকিৎসার জন্য ক্লিনিকে চলো।’ তখন শিশুটি বলে, ‘আমার বাবা-মায়ের তো টাকা নেই।’

এদিকে শনিবার রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরের একটি বাজারেও পৃথক বিমান হামলা চালানো হয়। স্থানীয় একটি অন্ত্যেষ্টিক্রিয়াবিষয়ক সংস্থার প্রধান হ্লা মাউং উ জানিয়েছেন, ওই হামলায় নয়জন নিহত হয়েছেন। রাখাইন রাজ্যে একই দিনে আরও একটি বোমা হামলার ঘটনাও ঘটেছে।

এর আগে বৃহস্পতিবার মধ্য মিয়ানমারে আরেকটি বিমান হামলায় ২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। তবে সাম্প্রতিক তিনটি হামলার বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে সংঘাত ও গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে দেশটিতে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক বিমান হামলাগুলো সেই প্রাণহানির সংখ্যা আরও বাড়িয়ে তুলেছে। ছবি-সংগৃহীত, সুত্র-দ্য গার্ডিয়ান

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!