শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

এবার ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের পদত্যাগ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৯:২২ এএম

এবার ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্ল্যাটফর্ম তথা ভবিষ্যতের বিভিন্ন ঘটনা নিয়ে বাজি ধরার সুযোগ দেয়া অনলাইন প্ল্যাটফর্ম কালশির উপদেষ্টার পদ ছাড়ছেন।প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটে তার বিনিয়োগের পর পারস্পরিক সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কালশি। এদিকে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি এবং ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নেয়ার পর ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কালশি থেকে সরে যাওয়ার এ সিদ্ধান্তের কথা সামনে এল। যদিও ভবিষ্যদ্বাণীমূলক বাজার ও ক্রিপ্টোকারেন্সি খাতে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাটরা।

ট্রাম্প জুনিয়র কালশি এবং এর প্রধান প্রতিদ্বন্দ্বী পলিমার্কেটদুটি প্রতিষ্ঠানেরই আনুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল পলিমার্কেটে বিনিয়োগ করেছে। অন্যদিকে কালশির উপদেষ্টা হিসেবে কাজ করার পারিশ্রমিক হিসেবে প্রতিষ্ঠানটির মালিকানার অংশ পেয়েছিলেন তিনি।

কালশির এক মুখপাত্র ব্লুমবার্গকে বলেন, ‘গত গ্রীষ্মে প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পর আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে ডনের উপদেষ্টার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আরও বেশি গ্রাহকের কাছে কালশিকে পরিচিত করতে তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’এর আগে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কিছুদিন আগেই ট্রাম্প জুনিয়রকে উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছিল কালশি। প্রতিষ্ঠানটি তাকে এই খাতের একজন ‘সমর্থক’ হিসেবে বর্ণনা করেছিল। একই সঙ্গে জানানো হয়েছিল, তিনি কেবল বিপণন কৌশল নিয়ে পরামর্শ দেবেন, নিয়ন্ত্রক সংক্রান্ত বিষয়ে নয়।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় কালশির ভবিষ্যদ্বাণীমূলক বাজারে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা অনেক বেশি দেখানো হয়েছিল। তখন জনমত জরিপগুলোতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকলেও এ কারণে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি।

ভবিষ্যদ্বাণীমূলক বাজারের বিরোধিতা মূলত ডেমোক্র্যাটদের পক্ষ থেকেই এসেছে। তবে কয়েকজন রিপাবলিকানও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য কালশি ও পলিমার্কেটের বিরুদ্ধে মামলাও করেছে। তাদের অভিযোগ, এই প্ল্যাটফর্মগুলো অঙ্গরাজ্যগুলোর জুয়াসংক্রান্ত আইন লঙ্ঘন করছে।

প্রসঙ্গত, ‘ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্ল্যাটফর্ম’ বলতে এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম বোঝায়, যেখানে মানুষ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে কি না, তা নিয়ে অর্থের বিনিময়ে অবস্থান নিতে পারেন।যেমন— নির্বাচনে কোনো প্রার্থী জিতবেন কি না; কোনো দেশ বিশ্বকাপ জিতবে কি না; কোনো নির্দিষ্ট ঘটনা ঘটবে কি না। মূলত এ ধরনের প্ল্যাটফর্মে মানুষ সম্ভাব্য ফলাফলের ওপর অর্থ বিনিয়োগ করেন। আর কালশি ও পলিমার্কেট এ ধরনেরই দুটি প্রতিষ্ঠান।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!