শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ইরানে নতুন হামলার ইঙ্গিত এবার ট্রাম্পের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ১২:৪২ পিএম

ইরানে নতুন হামলার ইঙ্গিত এবার ট্রাম্পের

ডেইলি খবর ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত প্রায় আট হলে চলছে। ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে কংগ্রেসের আসন্ন মধ্যবর্তী নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই আশঙ্কার কথা প্রকাশ করেন। খবর রয়টার্সের।

জনসভায় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমরা হয়তো আরেকটি ছোট ‘এপিক ফিউরি’ চালাতে পারি। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে পরিচালিত এই সামরিক অভিযানকে মার্কিন সেনাবাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ নামে অভিহিত করে আসছে। তবে নতুন এই সম্ভাব্য অভিযানের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।

এর আগে দিনের শুরুতেই অন্য এক বক্তব্যে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র চাইলে এই যুদ্ধ খুব দ্রুত শেষ করে দিতে পারে। কিন্তু ওয়াশিংটনের উচিত যুদ্ধটি দ্রুত শেষ করা, নাকি একে আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে দেওয়া —তা নিয়ে আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ের নির্বাচনি প্রচারে ট্রাম্প যুদ্ধের সময়সীমা ও লক্ষ্য নিয়ে নানা পরিবর্তনশীল বক্তব্য দিয়ে এলেও তিনি জোরালোভাবে দাবি করেন যে যুদ্ধটি দ্রুতই শেষ হবে, ‘যেকোনো উপায়েই হোক না কেন।’

ট্রাম্প চলতি মাসে স্পষ্ট করেছেন, আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে কোনো বড় ধরনের আক্রমণ চালাবে না। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, যেখানে বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জবাবে ইরানও ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। টানা এই মার্কিন-ইসরায়েলি হামলা এবং লেবাননে ইসরায়েলি অভিযানের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ নাগরিক।

এদিকে দীর্ঘায়িত এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম হু হু করে বেড়েছে। ইরানি নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি পুনরায় হামলা চালায়, তবে ইরানও বড় ধরনের পাল্টা প্রতিশোধের প্রস্তুতি নিয়ে রেখেছে। এর অংশ হিসেবে পারস্য উপসাগরের তলদেশে থাকা কৌশলগত যোগাযোগ কেবলগুলো লক্ষ্য করে সুনির্দিষ্ট ধ্বংসাত্মক হামলা চালানোর বিস্তারিত পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করে রেখেছে তেহরান।ফাইল ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!