ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের অন্তত ১২টি শহরে অতর্কিত হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এরপরেই প্রদেশটিতে পাল্টা অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি মিডিয়ার খবরে বলা হয়েছে, গত ৪০ ঘণ্টার অভিযানে নিরাপত্তা বাহিনী ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে। দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর এই তথ্য জানিয়েছে।
এর আগে কোয়েটাসহ বেলুচিস্তানের ১২টি শহরে অতর্কিত হামলা চালানোর দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এতে পাক বাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছে। নিহতের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীবিরোধী দলের সদস্য রয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিএলএ এক বিবৃতিতে এই দাবি করেছে।
বিবৃতিতে বিএলএ দাবি করেছে,তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে সিরিজ হামলা চালিয়েছে। তারা এই অভিযানকে `অপারেশন হেরোফ ফেজ টু` হিসেবে উল্লেখ করেছে।
পাকিস্তানে নিষিদ্ধঘোষিত এই সংগঠনের দাবি, তারা ১২ ঘণ্টাব্যাপী ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী,প্রশাসনিক স্থাপনায় হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিএলএ-র দাবির সত্যতা নিশ্চিত করা হয়েছে। এই অভিযানে নিজেদের সাতজন যোদ্ধা নিহত হয়েছে বলে জানায় সংগঠনটি। অন্যেদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ৪৮ জনের মধ্যে ১৭ জন আইনপ্রয়োগকারী বাহিনীর কর্মকর্তা-কর্মী এবং ৩১ জন বেসামরিক ছিলেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :