ডেইলি খবর ডেস্ক: রোববার ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটনের আপাতত ইরানে হামলা চালানোর কোনও পরিকল্পনা নেই। খবর আনাদোলুর।
এদিন মিশিগানে একটি নির্বাচনি প্রচারণায় যোগ দিতে হোয়াইট হাউজ ছাড়ার সময় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কি তা আপনাদের বলব? তবে উত্তর হলো, না। কোনও হামলা চালানো হবে না।’
এর আগে রোববার দিনের প্রথম ভাগে তেহরানকে উদ্দেশ্য করে একটি আলটিমেটাম দেন ট্রাম্প। সেখানে আজই ইরানে হামলা চালানোর প্রচ্ছন্ন ইঙ্গিত দেন তিনি। ফক্স নিউজের সঙ্গে আলাপে তখন ট্রাম্প বলেন, ‘আমি কি তাদের সঙ্গে কোনও চুক্তি করব, নাকি তাদের পুরোপুরি নির্মূল করব? একমাত্র প্রশ্ন এটাই।’
এ ছাড়া পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর পূর্ণ আধিপত্যের দাবি করে ট্রাম্প বলেন, ‘মনে রাখবেন, হরমুজ প্রণালি এখন আমাদের নিয়ন্ত্রণে। তারা কিছুই পাচ্ছে না। হ্যাঁ, সব আমাদের নিয়ন্ত্রণে।’
এর আগে শনিবার (২৪ অক্টোবর) ট্রাম্প ইঙ্গিত দেন, ওয়াশিংটন নতুন করে সামরিক হামলা চালাতে পারে অথবা একটি চুক্তিতে পৌঁছাতে পারে। তবে তেহরান তাদের সম্ভাব্য প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে যৌথভাবে ইরানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। মাঝে গত জুনে অল্প সময়ের জন্য দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও পরে তা ভেস্তে যায়। যদিও নভেম্বরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :