শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সৌদিতে থাকা কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ১০:৩৪ এএম

সৌদিতে থাকা কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ডেইলি খবর ডেস্ক: ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরব থেকে নিজেদের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। জরুরি দায়িত্বের বাইরে থাকা মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারকে অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ছাড়া সৌদি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরও দুজন প্রাণ হারিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি যাতায়াতব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটছে।

এদিকে, হুথিদের আরও হামলার আশঙ্কায় গত বুধবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর আগে রিয়াদ বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। গত মার্চের শুরুতে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা শুরু করার পর রিয়াদে মার্কিন দূতাবাস ও সিআইএর কার্যালয়েও ড্রোন হামলা চালানো হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সকে চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও মার্কিন মিশনগুলো থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। তবে সৌদি আরবের বাইরের মিশনগুলোর বিষয়ে মুখপাত্র টমি পিগট আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে যে সংঘাত ছড়িয়ে পড়েছে, হুথিদের হামলা তাতে নতুন মাত্রা যোগ করেছে। বিস্তৃত এই সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যে বিঘ্ন ঘটাচ্ছে এবং উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!