মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার সিলেট টেস্টে শঙ্কা কাটিয়ে জয়ের সুবাস নিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৬:৫১ পিএম

এবার সিলেট টেস্টে শঙ্কা কাটিয়ে জয়ের সুবাস নিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সালমান আলী আগা আর মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত জুটিতে কিছুটা শঙ্কা জেগেছিল বাংলাদেশ শিবিরে। তবে শেষ বিকেলে সেই কালো মেঘ সরিয়ে দিলেন তাইজুল ইসলাম। রিজওয়ানকে ফেরানো না গেলেও প্রথমে সালমান ও পরে হাসান আলিকে ফিরিয়ে বাংলাদেশকে পাইয়ে দিলেন জয়ের সুবাস।  সিলেট টেস্টে বাংলাদেশের দেয়া ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান চতুর্থ দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছে। বুধবার (২০ মে) তথা পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য তাদের এখনো করতে হবে ১২১ রান। অন্যদিকে, মাত্র ৩ উইকেট দরকার নাজমুল হোসেন শান্তদের। এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের বিপরীতে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে টাইগাররা ৩৯০ রান করলে ৪৩৭ রানের লক্ষ্য পায় পাকিস্তান। ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সোমবার মাত্র ২ ওভার খেললেও কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে পাকিস্তান। আজ দিনের প্রথম ভাগেই দুই ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজলকে হারায় দলটি। এরপর ৯২ রানের জুটি গড়েন বাবর আজম ও শান মাসুদ। তবে ১৩৩ রানের মাথায় বাবর ফিরলে দ্রুত ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। ১৬২ রানের মধ্যে দলটি হারায় সৌদ শাকিল আর শান মাসুদকেও। 
৫ উইকেট হারানোর পরই জুটি গড়েন সালমান ও রিজওয়ান। ১৩৪ রান যোগ করেন এই দুজন। শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বস্তি দেন তাইজুল। ৭১ রান করা সালমানকে সরাসরি বোল্ড করেন তিনি। কোনো রান করার আগে ফেরান হাসানকেও। চতুর্থ দিন শেষে রিজওয়ান ৭৫ ও সাজিদ খান ৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে তাইজুল সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। দুইটি উইকেট নেন নাহিদ রানা। বাকি উইকেটটি মেহেদী হাসান মিরাজের। ছবি-সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!