স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টের দ্বিতীয় সেশনেও পাকিস্তানের ওপর আধিপত্য বজায় রেখেছে স্বাগতিক বাংলাদেশ। তাইজুল-নাহিদে ৫ উইকেটে ২০০ রান তুলে চতুর্থ দিনের চা-বিরতিতে গেছে পাকিস্তান। ম্যাচ জিততে এখনও ২৩৭ রান দরকার সফরকারীদের। অন্যদিকে ঐতিহাসিক জয় থেকে ৫ উইকেট দূরে বাংলাদেশ।আজ লাঞ্চের পর থেকে চা-বিরতি পর্যন্ত দ্বিতীয় সেশনে মোট ২৭ ওভার খেলা হয়েছে। এই সেশনে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। বিপরীতে পাকিস্তান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে ৯৯ রান। এই সেশনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ (৭১) এবং সৌদ শাকিলকে (৬) সাজঘরে ফেরায় বাংলাদেশ। এর আগে ফিফটির দোরগোড়ায় থাকা বাবর আজমকেও (৪৭) বিদায় করেন স্পিনার তাইজুল ইসলাম।
১৬২ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। ষষ্ঠ উইকেটে ইতোমধ্যে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন তারা। সালমান ২৭ বলে ২৫ রান এবং রিজওয়ান ২৬ বলে ১৫ রানে ব্যাটিংয়ে আছেন।
দ্বিতীয় সেশনে বাবরের বিদায়ের পর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানলেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। সৌদ শাকিলকে নাহিদ রানা ফেরানোর পর শান মাসুদকে সাজঘরের পথ দেখিয়েছেন তাইজুল। টেস্ট জয় থেকে বাংলাদেশ এখন আর মাত্র ৫টি উইকেট দূরে দাঁড়িয়ে।
বাবর আজম আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা সাউদ শাকিল। তবে এবার তাঁকে উইকেটে থিতু হতেই দেননি গতিদানব নাহিদ রানা।
ইনিংসের ৪৪তম ওভারে রানার ডেলিভারিতে লিটন দাসের হাতে ক্যাচ দেন শাকিল। আম্পায়ার আউট দিলেও শাকিল রিভিউ নেন। তবে আল্ট্রা-এজে ব্যাটের স্পষ্ট কানা দেখা যাওয়ায় ২১ বলে মাত্র ৬ রান করেই বিদায় নিতে হয় তাকে। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি পাকিস্তানি অধিনায়ক শান মাসুদও। তাইজুলের টার্নিং ডেলিভারিতে বল ব্যাটের কানায় লাগলে সেটি তালুবন্দী করেন জয়। আউট হওয়ার আগে ১টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে ৭১ রান করেন মাসুদ। ১৬২ রানে পাকিস্তান তাদের ৫ম উইকেট হারায়।
দ্বিতীয় সেশনে বিপজ্জনক হয়ে উঠছিলেন বাবর আজম ও শান মাসুদের জুটি। বাবরকে ফিরিয়ে এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম। ইনিংসের ৩৫তম ওভারে তাইজুলের ডেলিভারিতে বল তার ব্যাটের হালকা কানা ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। এতে ৫২ বলে ১টি ছক্কা ও ৪টি চারে ৪৭ রানে থামেন বাবর। অন্য প্রান্তে শান মাসুদ নিজের ফিফটি তুলে নিয়েছেন। ৩৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩৩ রান। ক্রিজে শান মাসুদের সঙ্গী হয়েছেন সৌদ শাকিল।
মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ১০১ রান। এর আগে সোমবার তৃতীয় দিনের কিছু সময় বাকি থাকতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯০ রানে। তবে প্রথম ইনিংসের ৪৬ রানের লিড মিলিয়ে তাদের পুঁজি দাঁড়ায় ৪৩৬ রান। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৪৩৭ রান।
প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ায় জিতে ওয়েস্ট ইন্ডিজ রেকর্ড গড়েছিল। অ্যান্টিগায় ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রান তাড়ায় ক্যারিবীয়দের জয় ৩ উইকেটে। এ ছাড়া আরও তিনবার চারশ’র বেশি লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড রয়েছে। তবে বাবর-রিজওয়ানদের জিততে হলে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :