রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

সেমিতে ওঠার লড়াইয়ে সুইস দুর্গের সামনে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৯:৫০ পিএম

সেমিতে ওঠার লড়াইয়ে সুইস দুর্গের সামনে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: মিসরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রেশ কাটতে না কাটতেই নতুন চ্যালেঞ্জের সামনে আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার পথে এবার লিওনেল মেসিদের সামনে কঠিন বাধা সুইজারল্যান্ড। একদিকে শেষ মুহূর্তের নাটকীয় জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে সুশৃঙ্খল ও লড়াকু এক প্রতিপক্ষের চ্যালেঞ্জ। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে তাই কানসাসের মাঠে নামতে হবে নিজেদের সেরাটা দিয়ে।

বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় কানসাসে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। শেষ চারে জায়গা নিশ্চিত করার এই লড়াইয়ে একদিকে থাকবে বর্তমান চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস। অন্যদিকে থাকবে পুরো টুর্নামেন্টজুড়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া সুইসদের দৃঢ়তা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত আট গোল করেছেন মেসি। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে এক বিশ্বকাপে এর চেয়ে বেশি গোল করার কীর্তি রয়েছে শুধু ব্রাজিলের আদেমিরের। ১৯৫০ বিশ্বকাপে তিনি করেছিলেন ৯ গোল। সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করতে পারলে আরও একটি ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ তার সামনে।

মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে ঘিরে আর্জেন্টিনার আক্রমণভাগ রয়েছে দুর্দান্ত ছন্দে। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর থেকে টানা ১৪ বিশ্বকাপ ম্যাচেই গোল করেছে তারা। শুধু তাই নয়, টানা ১১ বিশ্বকাপ ম্যাচে অন্তত দুই গোল করার কীর্তিও গড়েছে আলবিসেলেস্তেরা, যা বিশ্বকাপ ইতিহাসের যৌথ সর্বোচ্চ।

আক্রমণভাগ যতটা শক্তিশালী, রক্ষণ নিয়েও সতর্ক থাকতে হবে স্কালোনির দলকে। প্রতিপক্ষকে খুব বেশি সুযোগ না দিলেও কিছু মুহূর্তে দুর্বলতা দেখা গেছে। নকআউটের ম্যাচে ছোট ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণভাগের দৃঢ়তা হতে পারে জয়ের অন্যতম চাবিকাঠি।

আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে সুইজারল্যান্ডও। শেষ ষোলোতে কলম্বিয়ার সঙ্গে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় মুরাত ইয়াকিনের দল। গোলরক্ষক গ্রেগর কোবেলের গুরুত্বপূর্ণ সেইভ দলটিকে নিয়ে যায় শেষ আটে।চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও পিছিয়ে পড়েনি সুইজারল্যান্ড। বাছাইপর্ব ও মূল আসর মিলিয়ে টানা ১১ ম্যাচে কোনো সময়ই প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিল না তারা। মাঝমাঠে গ্রানিত জাকার নিয়ন্ত্রণ এবং সামনে ব্রিল এম্বোলোর গতি ও গোল করার ক্ষমতা সুইসদের বড় শক্তি।

পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। দুই দলের লড়াইয়ের ইতিহাসে এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে তারা। এর একটিতেও জয়ের দেখা পায়নি সুইজারল্যান্ড। পাঁচটিতে জিতেছে আর্জেন্টিনা, বাকি দুটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।

বিশ্বকাপের মঞ্চে দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।

সুইজারল্যান্ড: গ্রেগর কোবেল, সিলভান ভিডমার, মানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, রেমো ফ্রয়লার, গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া, দান এনদোয়ে, ব্রিল এম্বোলো, রুবিন ভার্গাস। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!