স্পোর্টস ডেস্ক: চ্যাটজিপিটি ও ক্লদ মনে করছে, ২০২৬ বিশ্বকাপ জিতবে স্পেন। ফ্রান্সের প্রতিষ্ঠান মিস্ত্রালের এআই চ্যাটবট ‘ল্য শা’ বলছে, শিরোপা উঠবে ফ্রান্সের হাতে। অন্যদিকে চীনের ডিপসিক ও কুয়েন ঝুঁকেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে।
সম্ভাব্য চ্যাম্পিয়ন কে হতে পারে, তা জানতে সমর্থক ও গবেষকরা এখন এসব এআই চ্যাটবটের শরণাপন্ন হচ্ছেন। এই প্রবণতা ২০১০ বিশ্বকাপের ‘পল দ্য অক্টোপাস’কে মনে করিয়ে দিচ্ছে। সেই অক্টোপাস বিভিন্ন দেশের পতাকাচিহ্নিত পাত্র থেকে খাবার বেছে নিয়ে ম্যাচের ভবিষ্যদ্বাণী করত। যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ২০২২ সালের ৩০ নভেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তখন কাতার বিশ্বকাপ চলছিল। আর্জেন্টিনার শিরোপা জয়ের সেই অভিযানের সময় সিলিকন ভ্যালির বাইরে খুব কম মানুষই জেনারেটিভ এআই সম্পর্কে জানতেন।
তবে এবার পরিস্থিতি বদলে গেছে। ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে জেনারেটিভ এআইয়ের সক্ষমতা পরীক্ষা করে দেখছেন।
ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকেরা দেখেছেন, মাইক্রোসফটের কোপাইলট চ্যাটবট স্পেন ও ফ্রান্সকে সমান সম্ভাবনাময়ী দল হিসেবে ভবিষ্যদ্বাণী করেছে। অন্যদিকে জেমিনাই, চ্যাটজিপিটি ও পারপ্লেক্সিটিকে একই প্রশ্ন করেছিল প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম টমস গাইড। তিন চ্যাটবটই স্পেনকে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করেছে। দ্বিতীয় পছন্দ ছিল ফ্রান্স।আরেক প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম ‘ডিক্রিপ্ট’ পশ্চিমা চ্যাটবট যেমন- চ্যাটজিপিটি ও ক্লদ থেকে প্রায় একই ধরনের ফলাফল পেয়েছে। তবে চীনের ডিপসিক ও কুয়েন আর্জেন্টিনাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যদ্বাণী করেছে।
জার্মানির লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটির গবেষকেরা আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে বিষয়টি বিশ্লেষণ করছেন। তারা ‘এলএলএম সকারএরিনা’ নামের একটি ওয়েবসাইটে; প্রতিটি এআই মডেল ম্যাচভিত্তিক ভবিষ্যদ্বাণীতে কতটা সঠিক ছিল, সে তথ্য প্রকাশ করছেন।
এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টির গবেষক স্টেফান ফয়েররিগেল বলেছেন, বৃহৎ ভাষাভিত্তিক মডেলগুলো বাস্তব সিদ্ধান্ত গ্রহণের পরিস্থিতিতে কতটা নির্ভরযোগ্য- তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই মডেলগুলোর দেওয়া তথ্য ও বাস্তবের ফলাফল মিলিয়ে দেখা দরকার। তারা সে কাজটিই করছেন।সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :