বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্বপ্নে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ১১:২০ পিএম

বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্বপ্নে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করার পর সেই স্বপ্ন আরও জোরালো হয়েছে বলে মনে করছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

অস্ট্রেলিয়া সফর শেষে আগামী ২৭ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টে ডারউইনে ঐতিহাসিক জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে যায় শান্তর দল। এরপরও টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে ৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

ফাইনালে ওঠার দৌড়ে বাংলাদেশের সামনে এখন বাকি ছয়টি টেস্ট। এর মধ্যে চলতি বছরেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে পরবর্তী ধাপ শুরু হবে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এবং ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি করে টেস্ট খেলবে বাংলাদেশ।

ফাইনালের লড়াইয়ে নিজেদের অবস্থানকে ভালো বলেই মনে করছেন বাশার। তিনি বলেন, ‘আমরা এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব ভালো অবস্থানে আছি। সামনে আমাদের পাঁচটি খুব গুরুত্বপূর্ণ টেস্ট রয়েছে। এখন দেখা যাক কী হয়।’

ফাইনালের স্বপ্ন দেখলেও বাস্তবতা সম্পর্কে যথেষ্ট সচেতন বাংলাদেশ। সাম্প্রতিক সাফল্যকে উন্নতির প্রমাণ হিসেবে দেখছেন বাশার। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।

বাশার বলেন, ‘শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের কথা বললে হবে না। পাকিস্তানের বিপক্ষে আমাদের আগের টেস্টগুলো দেখুন, তার আগের ম্যাচগুলোও দেখুন। আমরা নিয়মিত টেস্ট জিতছি। ২০০০ সালের পরের পরিসংখ্যানের সঙ্গে গত দুই বছরের ফলাফল তুলনা করলে বলতে হয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেট অনেক দূর এগিয়েছে।’

তবে নিজেদের এখনই বড় দল হিসেবে ঘোষণা করতে নারাজ বাশার। তার মতে, উন্নতি হলেও বাংলাদেশের সামনে আরও অনেক পথ পাড়ি দেওয়া বাকি। ‘আমি এখনই বলতে পারি না যে টেস্ট দল হিসেবে আমরা খুব ভালো একটি দল হয়ে গেছি। আমাদের এখনো অনেক দূর যেতে হবে। তবে আমরা নিজেদের একটা অবস্থান তৈরি করতে পেরেছি,’ বলেন তিনি।

অস্ট্রেলিয়া সফরের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে সম্মান ফিরে পাওয়ার বিষয়টিকেই দেখছেন বাশার। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর ম্যাকাইয়ে বড় ব্যবধানে হারলেও সিরিজ শেষে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের একটা বার্তা দিতে পেরেছে বলে মনে করেন তিনি।

বাশারের ভাষায়, ‘অস্ট্রেলিয়ায় আসার আগে আমরা বলেছিলাম, দেশে ফেরার সময় একটা নির্দিষ্ট মাত্রার সম্মান সঙ্গে করে ফিরতে চাই। আমার মনে হয়, আমরা সেই সম্মান নিয়েই দেশে ফিরতে পারছি।’সংগৃহীত ছবি
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!