স্পোর্টস ডেস্ক: এবার বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দীর্ঘ অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ঘরের মাঠে আগামী ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট থেকে অবসর নেবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়ানডে ও টি-টোয়েন্টি আগেই ছেড়ে দেওয়ায় ওই সিরিজের মধ্য দিয়ে শেষ হবে তার আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা। শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্ত জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল।
সেঞ্চুরিয়নে পুরো পাঁচ দিন খেলা হলে শনিবার দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা ছিল বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটারদের। তবে দুদিন আগেই ম্যাচ শেষ হওয়ায় তারা আগেভাগে দেশে ফেরেন। জাতীয় দলের সঙ্গে এটিই হয়ে রইল মুশফিকের শেষ সফর। দেশে ফিরে ক্যারিয়ারের বড় সিদ্ধান্ত নেন তিনি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে হওয়ায় ওই সিরিজকেই বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন মুশফিক।
২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় ২২ বছর পর ২০২৭ সালের জানুয়ারিতে একই দলের বিপক্ষে শেষ টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। আগামী বছরের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট খেলার সুযোগ থাকলেও সেই ম্যাচ পর্যন্ত অপেক্ষা করছেন না ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র শেষ করেই থামবেন তিনি।
ওয়ানডেকে বিদায় মুশফিকের-এখন পর্যন্ত ২১ বছর ১৭৭ দিনের টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও রান করেছেন মুশফিক। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলেও কোনো সেঞ্চুরি না পেলেও পরে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে ওঠেন। এখন পর্যন্ত ১৪টি সেঞ্চুরি করেছেন তিনি, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করেন মুশফিক। পরে আরও দুবার ডাবল সেঞ্চুরি করেন তিনি। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের একাধিক ডাবল সেঞ্চুরি নেই। কিপার-ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডও গড়েছেন মুশফিক। টেস্টে আরও আটজন উইকেটকিপার ডাবল সেঞ্চুরি করলেও একাধিকবার এই কৃতিত্ব দেখাতে পারেননি কেউ।
মিরপুরে `গার্ড অব অনার` পেলেন মুশফিক-গত বছর নভেম্বরে বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১০৬ রান করে শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় জায়গা পান তিনি। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মুশফিক।তার নেতৃত্বে সাতটি টেস্ট জিতেছে বাংলাদেশ, ড্র করেছে নয়টি।
পরাজয়ের হার ছিল ৫২.৩৪ শতাংশ, যা একাধিক টেস্টে বাংলাদেশের অধিনায়কত্ব করা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কম। ২০১৬ সালে তার নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র টেস্ট জয় পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারায় দল। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টেও মুশফিকের নেতৃত্বে জয় পায় বাংলাদেশ। লর্ডসে হাবিবুল বাশারের অধিনায়কত্বে টেস্ট যাত্রা শুরু করা মুশফিক এরপর আরও আট অধিনায়কের নেতৃত্বে খেলেছেন। সব ঠিক থাকলে এবার নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে শেষ হবে তার বর্ণাঢ্য টেস্ট অধ্যায়। ছবি: সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :