সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

আইপিএলের চুক্তি বাংলাদেশে বাতিল করল জিওস্টার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:৪৬ পিএম

আইপিএলের চুক্তি বাংলাদেশে বাতিল করল জিওস্টার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার নিয়ে চলা টানাপোড়েনের মাঝেই এবার এল বড় এক করপোরেট ধাক্কা। সম্প্রচারস্বত্ব নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করার অভিযোগে বাংলাদেশে এই ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার সম্প্রচার চুক্তি বাতিল করেছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিওস্টার। একই কারণে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সম্প্রচার চুক্তিও বাতিল করেছে তারা। ফলে বাংলাদেশে এই দুই মেগা টুর্নামেন্ট সম্প্রচারের ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তার মুখে পড়েছে।
বাংলাদেশে ২০২৩ থেকে ২০২৭ মৌসুম পর্যন্ত আইপিএল সম্প্রচারের অধিকার ছিল স্থানীয় স্পোর্টস চ্যানেল ‘টি স্পোর্টস’-এর কাছে। জিওস্টারের কাছ থেকে উপচুক্তির মাধ্যমে এই স্বত্ব পেয়েছিল তারা। তবে অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণেই টি স্পোর্টসের সঙ্গে করা সেই চুক্তি বাতিল করেছে জিওস্টার।
প্রতিষ্ঠানটি এক চিঠিতে স্পষ্ট করে জানিয়েছে, ‘চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ধারাবাহিক ব্যর্থতার কারণে এই চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হলো।’এর ফলে চলতি আসরে বাংলাদেশে এই প্রতিযোগিতার কোনো অফিশিয়াল সম্প্রচারক থাকছে না।
এর আগে গত জানুয়ারিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার।
সম্প্রতি বর্তমান সরকার এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার কথা জানিয়েছিল। তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, স্টার স্পোর্টস বা অন্য কোনো চ্যানেল আইপিএল দেখাতে চাইলে সরকারের কোনো বাধা নেই। কিন্তু সরকারের পক্ষ থেকে এই সবুজ সংকেত আসার পরপরই মূল স্বত্বাধিকারী জিওস্টার চুক্তি বাতিল করে। ফলে সরকারি সিদ্ধান্ত পরিবর্তন হলেও, সম্প্রচারক না থাকায় আইপিএল দেখার বিষয়টি অনিশ্চিতই থেকে যাচ্ছে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!