শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১১:৪১ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এবছর সাফ অনুর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। মালদ্বীপের মালেতে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারায় তারা। পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।
মালদ্বীপের মালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী অতিরিক্ত সময় ছাড়াই ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়িয়েছে।
প্রথমার্ধে বাংলাদেশের দাপট বেশি দেখা গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি ভারতীয়রা।
অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করে। বিশেষ করে আমেরিকান বংশোদ্ভূত ফরোয়ার্ড রোনান সুলিভানকে কড়া নজরে রেখেছিল ভারতীয় ডিফেন্স। তবুও তিনি কয়েকটি শট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রোনানের ভাই ডেকলানকে মাঠে নামানো হয়। তিনি ডান প্রান্ত দিয়ে একাধিক আক্রমণ গড়ে তোলেন। ম্যাচের শেষদিকে ডেকলানের বাড়ানো বল পেয়ে রোনান শট নিলেও ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসে সেটি রুখে দেন।
ম্যাচজুড়ে দুই দলই বেশ কিছু গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের গোলরক্ষক মাহিনও কয়েকবার পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও বড় কোনো বিপদ হয়নি।
শুক্রবার ছুটির দিনে মালের স্টেডিয়ামে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা গ্যালারি থেকে দলকে সমর্থন জুগিয়েছেন। একই গ্রুপে থাকার কারণে দুই দলই একে অপরের কৌশল সম্পর্কে বেশ পরিচিত ছিল, যা ম্যাচটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!