বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

ডারউইনে দলগত পারফরম্যান্সেই তৃপ্তি তাদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৯:৫৮ এএম

ডারউইনে দলগত পারফরম্যান্সেই তৃপ্তি তাদের

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ম্যাকওয়েতে পৌঁছে বিশ্রাম আর ঘোরাঘুরিতেই দিন কেটেছে নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদদের। পরিবারের সঙ্গে সমুদ্রপাড়ে সময় কাটাতে দেখা গেছে তাসকিনকে। ২০ দিন পর পরিবারের সবাইকে কাছে পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ এভাবে করেন তাসকিন, ‘অনেকদিন পর আমার পরিবারের সবাইকে একসঙ্গে দেখে সত্যিই খুব ভালো লাগছে।’

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর এখন বেশ নির্ভার বাংলাদেশ। তবে ম্যাকওয়েতে নতুন ইতিহাস গড়ার আগে মানসিক প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না দল। দলের ভেতরের পরিবেশও বেশ স্বস্তিদায়ক। চোট কাটিয়ে একাদশে ফেরার অপেক্ষায় থাকা শরিফুল ইসলামের কথাতেও মিলেছে সেই স্বস্তির ছাপ। হাস্যোজ্জ্বল সময় কাটিয়েছেন দলের ক্রিকেটাররা। আজ থেকে অনুশীলনের নেটে নিজেদের আরও ঝালিয়ে নেওয়া শুরু করবেন শরিফুলরা।

প্রথম টেস্টে দলে না থাকলেও সতীর্থদের জন্য সবসময় দোয়া করেছেন জানিয়ে এ পেসার বলেন, ‘আমি প্রথম টেস্টে না থাকলেও সবার জন্য দোয়া করেছি। যেখানে ছিলাম না, আমি বলব না যে আমি অভাগা। যারা খেলেছে, তাদের জন্য আমি সবসময় দোয়া করেছি। যেন তারা সেরাটা দিতে পারে এবং আমরা যেন জিততে পারি। ম্যাচ জেতায় দেশের সবার মতো আমিও অনেক খুশি হয়েছি।’

চোটের কারণে প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি বাঁহাতি এ পেসারের। তবে সম্প্রতি বল হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। দলে তার থাকাটাও ছিল অনেকটাই নিশ্চিত। শরিফুলেরও তা জানা থাকার কথা। তবে চোটের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন তিনি। শরিফুল বলেন, ‘যেটা হয়, আল্লাহ ভালোর জন্যই করেন। চোটের পর কিছুদিন বিশ্রাম পেয়েছি, পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলাম। আমার মনে হয়, শরীরের জন্য ভালো হয়েছে।’ ডারউইনে টেস্ট জয়ের পেছনে বড় কৃতিত্ব হাসান মাহমুদ, তাসকিন ও ইবাদত হোসেনের। এই পেসত্রয়ীর দাপটেই বড় পরীক্ষায় পড়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং। সতীর্থদের এমন পারফরম্যান্সে খুশি শরিফুলও। তিনি বলেন, ‘পেসাররা ভালো করলে ভালো লাগে। টিম বাংলাদেশ যখন ভালো করে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই যখন ভালো করে, তখন আরও বেশি ভালো লাগে। ইউনিট হিসেবে পারফর্ম করলেই কিন্তু আমরা জয়টা ছিনিয়ে আনতে পারি।’

তবে ডারউইনের সঙ্গে ম্যাকওয়ের আবহাওয়ার পার্থক্য রয়েছে। নতুন ভেন্যুতে কিছুটা ঠান্ডা আবহাওয়াকে প্রস্তুতির জন্য ভালো সুযোগ হিসেবেই দেখছেন শরিফুল। তিনি বলেন, ‘অবশ্যই ডারউইনে যখন ছিলাম, এখান থেকে বেশি গরম ছিল। এখানে আমাদের জন্য ভালো আবহাওয়া। কারণ দেশে অনেক গরম। সে তুলনায় এটা আমাদের জন্য উপযুক্ত। দীর্ঘ জার্নি বলব না, ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমাদের ট্রানজিট বড় হয়ে গিয়েছিল।’ সবকিছু ছাপিয়ে এবার নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ।
১-০-তে এগিয়ে থাকায় সিরিজ জয়ের দারুণ সম্ভাবনাও আছে তাদের সামনে।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!