রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং তাণ্ডবে ইংল্যান্ডের বড় জয়, অ্যাডিলেডে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৭:২২ পিএম

ব্যাটিং তাণ্ডবে ইংল্যান্ডের বড় জয়, অ্যাডিলেডে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: অ্যাডিলেডে যেন পার্থের হারের সব জবাব একসঙ্গে দিল ইংল্যান্ড। ব্যাট হাতে টম বেন্টনের দুর্দান্ত সেঞ্চুরি, এরপর বল হাতে গাস অ্যাটকিনসনের বিধ্বংসী বোলিংৃদুইয়ে মিলে অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না ইংলিশরা। ১৩৫ রানের বিশাল জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে বুধবার হোবার্টের শেষ ম্যাচে।

অ্যাডিলেড ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে এটিই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অন্যদিকে, নিজেদের মাঠে এই প্রথম ৩৫০-এর বেশি রান হজম করল অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের বড় সংগ্রহের মূল কারিগর টম বেন্টন। ৯৯ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। তার ইনিংসে ছিল ১৬টি চার ও ৪টি ছক্কা। ৮৬ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। শেষ আট ইনিংসে এটি তার ষষ্ঠ পঞ্চাশ ছাড়ানা ইনিংস।

তাকে দারুণ সঙ্গ দেন জো রুট। ৬৮ বলে ৬২ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার। দ্বিতীয় উইকেটে দুজনের ১৩৭ রানের জুটি ইংল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। শেষ দিকে ঝড় তোলেন জর্ডান কক্স ও উইল জ্যাকস। কক্স ৪৯ বলে ৬৭ এবং জ্যাকস ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন। স্যাম কারান ও অ্যাটকিনসনও কার্যকর কিছু রান যোগ করেন।

৩৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় অস্ট্রেলিয়া। ইংলিশ পেসারদের তোপে মাত্র ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। শুরুটা করেন অ্যাটকিনসন ও সনি বেকার। দুজনের দুর্দান্ত সুইং ও নিয়ন্ত্রিত বোলিংয়ে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটার।

এর মধ্যে অধিনায়ক মিচেল মার্শের ক্যাচটি অসাধারণ দক্ষতায় তালুবন্দি করেন রুট। এরপর অ্যাটকিনসনের বলে জর্ডান কক্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জশ ইংলিস। তাতে ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।

তবে পঞ্চম উইকেটে ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশ কিছুটা প্রতিরোধ গড়েন। দুজনের ৯৮ রানের জুটিতে ধস সামাল দেওয়ার চেষ্টা করে অস্ট্রেলিয়া। রেনশ ৬৩ রানে ফিরলেও লড়াই চালিয়ে যান গ্রিন। শেষ পর্যন্ত ৬৪ রান করেন তিনি। কিন্তু তাতে হার এড়ানো সম্ভব হয়নি।

অ্যাটকিনসনের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেসার। শুরুতে টানা সাত ওভার বল করে ২২ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে এনে দেন তিনি। পরে ফিরে আরও একটি উইকেট শিকার করেন।

এ ছাড়া স্যাম কারান জোড়া উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে গ্রিনের ৬৪ ও রেনশর ৬৩ রান ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনিংস ছিল না। শেষ পর্যন্ত ২২০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ১৩৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

পার্থে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর ইংল্যান্ডের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে। বেন্টনের সেঞ্চুরি এবং অ্যাটকিনসনের গতির ঝড়ে এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ইংলিশরা। অন্যদিকে ঘরের মাঠে সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!