স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ডারউইনে বৃহস্পতিবার যেন বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় এক দিন হয়ে থাকল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ব্যাট হাতেও দারুণ দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশের টপ অর্ডার।
বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার কেরি ও’কিফি। দিনের খেলা শেষে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি এটিকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা দিন হিসেবে উল্লেখ করেছেন।
হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিং৫৫ রানে ৬ উইকেটবাংলাদেশকে অস্ট্রেলিয়াকে দুইশর নিচে অলআউট করতে বড় ভূমিকা রেখেছে। পেসারদের সেই দারুণ পারফরম্যান্সের পর ব্যাটাররাও দায়িত্বশীল ব্যাটিং করেছেন। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৯৬ রান। ফলে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
দিন শেষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ও’কিফি বলেন, ‘টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের অন্যতম সেরা দিন।’
তার মতে, ডারউইনে বাংলাদেশের এই সাফল্য শুধু একটি ভালো দিনের পারফরম্যান্স নয়, বরং অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ একটি বার্তা। ও’কিফির ভাষায়, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়ার জনগণের জন্য এটি একটি বার্তা। আর তা হলো- বাংলাদেশ এখানে খেলতেই এসেছে।’
অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার আরও বলেন, ‘অনেকেই মনে করেছিলেন, এই টেস্ট হয়ত বেশি দিন গড়াবে না। কিন্তু এখন পর্যন্ত প্রথম দিনটি বাংলাদেশই পরিষ্কারভাবে জিতে নিয়েছে।’
প্রথম দিনের পারফরম্যান্সে তাই শুধু অস্ট্রেলিয়াকে চাপে ফেলাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গেই সিরিজ শুরু করার বার্তাও দিয়েছে বাংলাদেশ।ছবি: সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :