স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলটির নেতৃত্বে থাকছেন যথারীতি নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়। দলে রাখা হয়েছে সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, শর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণাদের মতো পরিচিত মুখ। এ ছাড়া সুযোগ পেয়েছেন সানজিদা আক্তার মাগলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুাইরিয়া ফেরদৌসের মতো ক্রিকেটাররা। নতুন করে জায়গা পেয়েছেন তাজনেহার। বাদ পড়েছেন শারমিন সুলতানা। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ছিলেন এই ব্যাটার।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মে স্কটল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে স্বাগতিক দল ও নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে জ্যোতিরা। সেই সিরিজ শেষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে দল যাবে লাফবরোতে।নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। ১২ দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ১৪ জুন এজবাস্টনে ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, শর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মাগলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুাইরিয়া ফেরদৌস ও তাজনেহার।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :