স্পোর্টস ডেস্ক: খেলার ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তখনও বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। দলের এমন অবস্থায় সংবাদ সম্মেলনে রায়ান রিকেলটন বলেছিলেন, ১০০ রানের লিড নিতে পারলেই তাঁরা স্বস্তি পাবেন। শেষ পর্যন্ত তাঁর সেই লক্ষ্য পূরণ হয়েছে, বরং প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছে প্রোটিয়ারা। শতাধিক রানের একটি এবং চল্লিশোর্ধ্ব রানের দুটি জুটিতে বাংলাদেশকে ১৫৭ রানের লিড দিয়েছে তারা।
আগের দিন ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তখনও তারা ১৪ রানে পিছিয়ে ছিল। চতুর্থ দিন রিকেলটন ও কাগিসো রাবাদার অনবদ্য ব্যাটিংয়ে বড় লিড পায় স্বাগতিকরা। অথচ বাংলাদেশ চতুর্থ ক্যাচটি না ফেললে এবং হাসান মাহমুদের উইকেট নেওয়া বলটি নো বল না হলে ইনিংসের চিত্র ভিন্ন হতে পারত।
৫৬ রানে অপরাজিত রিকেলটন ও ৫ রান নিয়ে দিন শুরু করেন রাবাদা। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। টানা দ্বিতীয় ম্যাচে শতকের দেখা পেলেন এই ব্যাটার। নবম উইকেটে রাবাদার সঙ্গে গড়েন ১১৭ রানের জুটি। রিকেলটন প্যাভিলিয়নে ফেরার পর জীবন পেয়ে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন রাবাদা।
তবে ৩৮ রানেই তাঁর ফিরে যাওয়ার কথা ছিল। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাত ফসকে চার পেয়ে জীবন পান তিনি। এরপর সেই সুযোগ কাজে লাগিয়ে ইনিংস বড় করেন এই পেসার।
রিকেলটন আউট হওয়ার পর আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া টেম্বা বাভুমা আবার ব্যাটিংয়ে নামেন। এক রান যোগ করেই ফিফটি পূর্ণ করেন তিনি। অন্যদিকে, আগের দুই বলে টানা দুটি ছক্কা মারার পর মেহেদী হাসান মিরাজের শিকার হন রাবাদা। ৯৩ বলে ৭২ রান করে আউট হওয়ার আগে তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কা।
রাবাদাকে স্টাম্পিং করে এক ইনিংসে আটটি ডিসমিসালের কীর্তি গড়েন বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস। এক ইনিংসে আটটি ডিসমিসাল বিশ্ব রেকর্ড। এর আগে এক ইনিংসে সাতটি করে ডিসমিসাল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভা। রাবাদাকে ফিরিয়ে তাঁদের ছাড়িয়ে যান লিটন।
শেষ উইকেটে বাভুমা ও ডেন প্যাটারসন আরও ৪৫ রান যোগ করেন। ১১ রানে থাকা প্যাটারসনের লেগ স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। কিন্তু সেটি নো বল হওয়ায় পঞ্চম উইকেটের দেখা পাননি তিনি। জীবন পেয়ে পরের দুই ওভারে একটি ছক্কা ও একটি চার মারেন প্যাটারসন। শেষ পর্যন্ত দলীয় ৫৫৭ রানে ভাঙে এই জুটি। ২৭ বলে ২৯ রান করে ইবাদত হোসেনের শিকার হন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত থাকেন বাভুমা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ পান দুটি করে উইকেট। এর আগে তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল বাংলাদেশ।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :