মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মাঠে গড়াল এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৭:১০ পিএম

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মাঠে গড়াল এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল

​স্পোর্টস রিপোর্টার: ​সোমবার বিকেলে এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম ও কায়সার হামিদ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক ও মো: লিয়াকত হোসেন এবং এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিনিধি এবং বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে গড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যকার জমজমাট ম্যাচ। দুই দলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো স্টেডিয়াম চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

​এবিজির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য—বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করা। 
আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের ভবিষ্যৎ ফুটবল প্রতিভা অন্বেষণে কার্যকর ভূমিকা পালন করবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, “এই আয়োজনকে আমরা আরও বৃহৎ পরিসরে বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই। এবিজি স্পোর্টস সিটির মাঠের খেলোয়াড়েরা একদিন বিশ্বকাপ জিতবে—এমন সুযোগ ও পথ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”

​জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ বলেন, “ইউনিভার্সিটি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আমি এবিজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই টুর্নামেন্টের মাধ্যমেই দেশের ফুটবলের জন্য সম্ভাবনাময় ও দক্ষ খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”

​জাতীয় ফুটবল দলের আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম বলেন, “এবিজির এই উদ্যোগটি সত্যিই অসাধারণ। আমি মনে করি, এবিজি ইউনিভার্সিটি কাপ দেশের ফুটবল ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে।”

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!