বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

আইসিসির মেগা প্ল্যান: কমছে ওয়ানডে, বাড়ছে টি-টোয়েন্টি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:৪৯ পিএম

আইসিসির মেগা প্ল্যান: কমছে ওয়ানডে, বাড়ছে টি-টোয়েন্টি!

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের পরবর্তী চক্রের সূচি নির্ধারণ করতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্রিকেট অপারেশন্স ওয়ার্কশপে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই বৈঠকে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করার আলোচনা চলছে।

বর্তমান এফটিপির মেয়াদ শেষ হবে আগামী ২০২৭ সালের মার্চে। তবে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নতুন এই সূচিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়লেও কাটছাঁট হতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। আইসিসি সূত্রে জানা গেছে, নতুন সূচির চূড়ান্ত রূপ নভেম্বরে বালিতে অনুষ্ঠেয় আইসিসির ত্রৈমাসিক সভায় উপস্থাপন করা হতে পারে।

আইসিসি বিশ্বব্যাপী ক্রিকেটের সম্প্রসারণে টি-টোয়েন্টি ফরম্যাটকে মূল হাতিয়ার হিসেবে দেখছে। অন্যদিকে ব্যস্ত সূচির কারণে তিন ফরম্যাটের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ায় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের সংখ্যা কমানোর সিদ্ধান্ত হতে পারে। তবে ওয়ানডে ফরম্যাটকে আকর্ষণীয় রাখতে ১৯৯০-এর দশকের মতো আবার ত্রিদেশীয় বা চারজাতি সিরিজ ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে।

নতুন এফটিপি এখনো চূড়ান্ত না হলেও ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি অনেকটাই নির্ধারিত রয়েছে। প্রচলিত সূচি অনুযায়ী ২০২৭, ২০২৯-৩০ ও ২০৩১ সালে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী অ্যাশেজ। এ ছাড়া ২০২৮ সালের শুরুতে ইংল্যান্ড সফরে যাবে ভারত টেস্ট সিরিজ খেলতে। ২০২৯ সালে ভারতকে নিজেদের মাটিতে আতিথ্য দেবে ইংল্যান্ড।

তবে ২০২৭-৩১ চক্রে আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে বড় প্রভাব ফেলতে পারে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। ১৯০০ সালের পর প্রথমবার অলিম্পিকে ফিরবে ক্রিকেট। ২০২৮ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হবে অলিম্পিক। একই সময়ে ইংল্যান্ডের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনের কথা রয়েছে। ফলে এক সপ্তাহের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট সূচির সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) দলসংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা চলছে। বর্তমানে নয়টি দল নিয়ে চলছে ডব্লিউটিসির চতুর্থ চক্র। আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে যুক্ত করার সুপারিশ রয়েছে টেবিলে। জিম্বাবুয়ে ডব্লিউটিসিতে যুক্ত হতে আগ্রহী বলে জানা গেছে। তবে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের অবস্থান এখনো পরিষ্কার নয়।

এছাড়া ডিআরএস প্রযুক্তির একচেটিয়া বাজার ভাঙতে অনুমোদিত প্রযুক্তি সরবরাহকারীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের আগামী চার বছরের চালচিত্র অনেকটাই বদলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে দুবাইয়ের এই ওয়ার্কশপ। এ সপ্তাহের বৈঠকের পর বিষয়গুলো নিয়ে কিছুটা স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। 
সংগৃহীত ছকি-সূত্র- ক্রিকইনফো

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!