স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়ন টেস্ট ব্যাটে-বলে পরাজয় বাংলাদেশের। মাত্র আড়াই দিনেই ম্যাচ হেরে হেয়াইটওয়াশ হলো বাংলাদেশ। মাঠে সেঞ্চুরিয়ন টেস্টের ভাগ্য অনেকটাই লেখা হয়ে গিয়েছিল প্রথম দিনে বাংলাদেশের অমন নিদারুণ ব্যাটিং ব্যর্থতার পর। দ্বিতীয় দিনে নির্বিষ বোলিংয়ে সেটি আরও জোড়াল হয়। সুযোগ নিতে ভুল করেনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হলো নাজমুল হোসেন শান্তর দল।
আজ বুধবার (২৫ নভেম্বর) সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৯.৪ ওভারে ১৮৪ রান করেই অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ। হারল ইনিংস ও ২১৯ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ৯১ রানে। পরে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের কাঁধে লিডের বোঝা হয় ৪০৩ রানের।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে যেন একাই গুড়িয়ে দিলেন উইয়ান মুল্ডার। তার বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের ব্যাটাররা। একাই শিকার করেছেন ৭ উইকেট। যার মধ্যে চারটিই ছিল বোল্ড আউট। বাকি ৩টি উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন। এর আগে সেঞ্চুরিও করেছিলেন মুল্ডার।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। চলতি সিরিজে প্রথমবার উদ্বোধনী জুটিতে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েছিলেন তানজিদ হাসান তামিম আর মাহফিজুল ইসলাম রবিন। তবে উদ্বোধনী জুটি ভাঙতেই আসল রূপ বেড়িয়ে আসে বাংলাদেশের। একের পর এক ব্যাটাররা লম্বা করেন যাওয়া-আসার মিছিল।
ইনিংসের ভিত্তি গড়তে নেমে শুরু থেকেই কিছুটা নড়বড়ে লাগছিল তামিমকে। কয়েকবার জীবনও পেয়েছিলেন তিনি। কিন্তু সেটিকে কাজে লাগাতে পারেননি। ইনিংসের ১৫তম ওভারে উইয়ান মুল্ডারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম (৪৮ বলে ২৯)। অনেকটা নিজেকে আত্মহুতিই দিয়েছেন তিনি। অফস্ট্যাম্পের অনেকটা বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন তিনি।
এরপর ব্যাটিংয়ে দলকে আরেকবার হতাশায় ডোবান অভিজ্ঞ মুমিনুল হক। ৫ বল কেলে কোনো রান না করেই তিনিও শিকার হন মুল্ডারের। ক্যাচ দেন সেই উইকেটের পেছনেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ইনিংসেই ব্যর্থ তিনি। ০, ১, ১৮ ও ০– রানে শেষ করলেন দক্ষিণ আফ্রিকা সফর।
এরপর আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিনও বেশি সময় উইকেটে টিকে থাকেত পারেননি। ৬২ বলে ৩৮ রান করে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। রিভিউ নিলেও আউট হয়েছেন আম্পায়র্স কলে। এতে ১০০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে বিপদ বাড়ে বাংলাদেশের।
সেখান থেকে চতুর্থ উইকেট জুটিতে কিছুটা আশা জাগিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ইনফর্ম তাওহিদ হৃদয়। বেশ আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন হৃদয়। অর্ধশত রানের জুটিও গড়েছিলেন তারা। হাফসেঞ্চুরির আশা জাগিয়েছিলেন হৃদয়। তবে সেই আশাকে পূর্ণতা দিতে পারেননি। ৩৩ বলে ৪১ রান করে রাবাদার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়।
এরপর বাকিরা শুধু যাওয়া-আসার মিছিল লম্বা করেছেন। লিটন ভালো শুরু পেলেও থেমেছেন ২৫ বলে ১৫ রান করে। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া শান্তও পারেননি আশার প্রতিদান দিতে। ১০১ বল খেলে ৩৪ রান করে ইনিংসের ৪৭তম ওভারে শান্ত ফিরলে, বাংলাদেশের সময়ও ঘনিয়ে আসে। ৩ ওভার পর শেষ ব্যাটার হিসেবে খালেদ আহমেদকে আউট করে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
এর আগে ১১৫ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৪৯৪ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। তখনই তারা লিড পেয়েছিল ৪০৩ রানের। কিন্তু দ্বিতীয় দিন ইনিংস ঘোষণা না করায়, ধারণা করা হচ্ছিল আজ হয়ত আরও কিছুটা সময় ব্যাটিং করবেন তারা। কিন্তু সেটি না করে দিনের শুরুতেই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৩.৩ ওভারে ৯১/১০ (তামিম ৩, রবিন ২৩, মুমিনুল ১৮, শান্ত ৪, হৃদয় ১৯, লিটন ৮, জাকের ১, শরিফুল ২, তাসকিন ২, খালেদ ০, ইবাদত ০*; রাবাদা ৯-৪-২৩-৩, ইয়ানসেন ১০.৩-৪-১৭-৩, নরকিয়া ৬-৩-১০-২, মুল্ডার ৬-০-১৫-১, হারমার ২-০-১৭-১)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১১৫ ওভারে ৪৯৪/৭ (ইনিংস ঘোষণা) (মার্করাম ২১, অ্যাকারম্যান ১৫০, হামজা ২৭, জর্জি ৬৬, ব্রিটজকে ২০, রিকেল্টন ২০, মুল্ডার ১০০, ইয়ানসেন ৬৭*, হারমার ০*; তাসকিন ১৮-২-৬১-১, শরিফুল ২১-৩-৯৫-২, খালেদ ২১-৪-৮৮-২, ইবাদত ১৯-৩-৮৯-১, শান্ত ১-০-২০-০, মুমিনুল ২৩-০-৯২-০, হৃদয় ১২-১,৪৫-১)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৪৯.৪ ওভারে ১৮৪/১০ (তামিম ২৯, মুমিনুল ০, রবিন ৩৮, হৃদয় ৪১, লিটন ১৫, জাকের ২, শান্ত ৩৪, শরিফুল ০, তাসকিন ১০, খালেদ ৫, ইবাদত ২*; রাবাদা ১১-৩-৩৭-১, ইয়ানসেন ১০.৪-১-৪৮-২, নরকিয়া ১০-২-৪২-০, মুল্ডার ১১-৩-৩১-৭, হারমার ৭-১-১৯-০)
ফলাফল : দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২১৯ রানে জয়ী
সিরিজ : দুই ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জয়ী
ম্যাচ সেরা : উইয়ান মুল্ডার
সিরিজ সেরা : মার্কুইস অ্যাকারম্যান। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :