স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার কোচ বলেছিলেন, এবারের সাফ চ্যাম্পিয়নশিপের অন্যতম ফেভারিট বাংলাদেশ। সেই দলের বিপক্ষেই সেটার ঝঁলক দেখালেন হামজা চৌধুরী-ফারহান আলী ওয়াহিদ-শমিত সোমরা। ম্যাচের শুরু থেকে শেষ–দাপুটে ফুটবল খেলে শ্রীলঙ্কাকে কোনো সুযোগই দিল না বাংলাদেশ। দৃষ্টিনন্দন সব গোলে লঙ্কানদের বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জায়গা করে নিল সেমিফাইনালে।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দাপুটে ফুটবলে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে কোচ টমাস ডুলির দল।
এই জয়ের ‘বি’ গ্রুপ থেকে দুই ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচে এক ড্র আর হারে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে গেল ভুটান। সমান ম্যাচে, সমান জয়-পরাজয় আর পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিল শ্রীলঙ্কা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ওপর আক্রমণ শুরু করে বাংলাদেশ। প্রথম পাঁচ মিনিটেই গোটা তিনেক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে জাল খুঁজে পাচ্ছিল না স্বাগতিকরা। বাঁধা হয়ে দাঁড়াচ্ছিলেন শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেইরা।
তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের নবম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন শমিত সোম। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে গোললাইনের কাছে থেকে বক্সের মধ্যে ক্রস বাড়ান হামজা চৌধুরী। ছয় গজ বক্সের মধ্যে লাফিয়ে উঠেছিল ফারহান আলী ওয়াহিদ।
তবে বলের নাগাল পাননি তিনি। বল গ্লাভসবন্দি করতে পারেননি শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেইরাও। বল পেয়ে যান শমিত। দারুণ প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন তিনি।
মিনিট দুয়েক পরে বাংলাদেশের রক্ষণে ভীতি তৈরি করেছিল শ্রীলঙ্কাও। তবে এবারও বাংলাদেশের ত্রাতা হয়ে দেখা দেন শমিত। বামপ্রান্ত দিয়ে বল নিয়ে বক্সের ঢুকে পড়েছিলেন লঙ্কান ফরোয়ার্ড। শট নেওয়ারেআগ মুহূর্তে সেটি ব্লক করে দেন শমিত।
ম্যাচের ১৫তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে আরেকবার আক্রমণে ওঠে বাংলাদেশ। এবার বল নিয়ে অনেকটা এগিয়ে গিয়ে বক্সের মধ্যে ক্রস বাড়ান রাকিব হোসেন। বিপদ আঁচ করতে পেরে কর্ণারের বিনিময়ে সেটি রক্ষা করে লঙ্কানরা। সেই কর্ণার থেকেও সুযোগ তৈরি হয়েছিল। তবে এবার হামজার বুলেট গতির শট চলে যায় বাইরে দিয়ে।
ম্যাচের ২২তম মিনিটে আরও একবার শ্রীলঙ্কানদের বুকে কাপন ধরিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বক্সের মধ্যে লং বল থেকে প্রথমে হেডের চেষ্টা করেন হামজা। তবে গোলরক্ষক এগিয়ে আসায় সেটি ঠিকমতো হয়নি। কিন্তু ফিরতি বলও পেয়ে যান হামাজ। সেখান থেকে দারুণ একটি ব্যাক হিলে গোলের চেষ্টা করেছিলেন। তবে বলটা চলে যায় সামান্য উপর দিয়ে।
বাংলাদেশের আক্রমণ সামলে সুযোগ পেলেই কাউন্টার আক্রমণের চেষ্টা করছিল শ্রীলঙ্কা। সেখান থেকেই ম্যাচের ৩৬তম মিনিটে একটি সুযোগ তৈরি করেছিল তারা। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বক্সের মধ্যে ক্রস বাড়িয়েছিল লঙ্কানরা। তবে সেটি বিপদ হওয়ার আগেই ক্লিয়ার করে দেয় বাংলাদেশ।
মিনিট দুয়েক পরে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। এবারও ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বামপ্রান্তে বল সুইচ করে শ্রীলঙ্কা। সেই বল রিসিভ করে বক্সের ঢুকে ছয়গজ বক্সের মধ্যে ক্রস বাড়িয়েছিল লঙ্কান ফরোয়ার্ড। তবে সেই বল কাউকেই খুঁজে না পাওয়ায় বেঁচে যায় বাংলাদেশ।
শ্রীলঙ্কা যখন গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠছিল তখনই ব্যবধান দ্বিগুন করেন হামজা। ক্ষিপ্রগতিতে মার্কারকে পেছনে ফেলে মাঝ মাঠ থেকে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন হামজা। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে জড়িয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। এরপর আর কোনো দল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। এবারও ফলাফল পেতে দেরি হয়নি। ম্যাচের ৫২তম মিনিটে ফারহান আলী ওয়াহিদ যা করলেন, তা ঠিক বর্ণনা করার মতো নয়।
বামপ্রান্তে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন তিনি। এরপর একে একে শ্রীলঙ্কার চারজন ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ফারহান। শ্রীলঙ্কার গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। ফুটবল বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেরা গোল এটি।
ম্যাচের ৬৯তম মিনিটে চতুর্থ গোলের চেষ্টা করেছিলেন বদলি ফুটবলার শুকি ইতোফুসা। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বক্সে ঢুকে কিছুটা দূরহ কোণ থেকে শট নিয়েছিলেন তিনি। তবে সেটি আটকে দেন গোলরক্ষক সুজন পেরেইরা।
দুই মিনিট পরই একইভাবে বামপ্রান্ত দিয়ে গোলের চেষ্টা করেছিলেন আরেক বদলি নামা ফয়সাল আহমেদ ফাহিম। তার অবশ্য সুযোগ ছিল আরেকটু ভালো করার। কিন্তু ফাহিমও শট করেন সোজা লঙ্কান গোলরক্ষক বরাবর।
ম্যাচের ৮৭তম মিনিটে ঠান্ডা মাথায় গোলের হালি পূর্ণ করেন রাকিব। আক্রমণে উঠে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন তিনি। লঙ্কান গোলরক্ষক এগিয়ে এসেছিলেন। তবে সুযোগ দেননি রাকিব। চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
এরপর আরও গোটা তিনেক সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে সেগুলো আর গোলের রূপান্তর হয়নি। অন্যদিকে, শ্রীলঙ্কা চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি। ফলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :