স্পোর্টস ডেস্ক: চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনা যখন চরমে, তখন শিরোপা নির্ধারণী ম্যাচে বিশেষ আকর্ষণ যোগ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন তিনি। ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে ফাইনালের আগে ১০২টি ম্যাচ অনুষ্ঠিত হলেও এর একটিতেও স্টেডিয়ামে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্টকে। তবে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তার উপস্থিতির বিষয়টি আগেই ইঙ্গিত দিয়েছিল হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘আমরা রোববারের ফাইনালের অপেক্ষায় আছি। প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকতে উন্মুখ হয়ে আছেন।’
মাঠে না থাকলেও পুরো টুর্নামেন্টজুড়ে নানা কারণে আলোচনায় ছিলেন ট্রাম্প। শেষ ষোলো পর্বের আগে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করেন এবং ফিফার কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরে ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করলে ট্রাম্প সেটিকে একটি বড় অবিচারের সংশোধন বলে মন্তব্য করেন।
অন্যদিকে বালোগান নিজেই স্বীকার করেছিলেন, পুরো ঘটনাটি তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিল। যদিও নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি মাঠে ফিরেছিলেন, শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ফাইনালে ট্রাম্পের ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি আগেই পরিকল্পনায় ছিল।
সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ব্লু স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘হ্যাঁ, আশা করছি আমরা একসঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব। শুরু থেকেই এমন পরিকল্পনা ছিল। সাধারণত যে দেশে ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই দেশের রাষ্ট্রপ্রধান ফিফা সভাপতির সঙ্গে মিলে ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেন।’
এর আগে নিউ জার্সিতেই অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ইনফান্তিনোর সঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ট্রাম্প। এবারও বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে একই দৃশ্যের পুনরাবৃত্তি হতে যাচ্ছে।
এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা নাকি স্পেন, কার অধিনায়কের হাতে বিশ্বকাপের সোনালি ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :