স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরু থেকেই সেনেগালের ওপর চড়াও হয় নরওয়ে। ‘গোল মেশিন’ খ্যাত আর্লিং হলান্ড ভীতি ছড়াচ্ছিল সেনেগালের রক্ষণে। প্রথমার্ধেই তার সুফল পেয়ে যায় নরওয়ে। দুই গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে সেনেগাল। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি আফ্রিকার দেশটি। জয়ের সঙ্গে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নকআউটের টিকিট নিশ্চিত করল নরওয়ে।
আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল নরওয়ে আর সেনেগাল। জমজমাট লড়াই শেষে সেনেগালকে ২-৩ গোলে হারিয়েছে নরওয়ে।
এ নিয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিল নরওয়ে। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ‘আই’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে। টেবিলের শীর্ষে ফ্রান্স। নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। সেই ম্যাচে যারা জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। সেনেগাল বলের দখল ধরে রেখে ছোট ছোট পাসে আক্রমণ গড়ার চেষ্টা করে। ম্যাচ শেষে তাদের বল দখল ছিল ৫৭ শতাংশ, পাস ৪৬৪টি এবং পাস সফলতার হার ৯০ শতাংশ। অন্যদিকে, নরওয়ের দখল ছিল ৪৩ শতাংশ, কিন্তু তারা আক্রমণে ছিল বেশি কার্যকর।
প্রথমার্ধে কয়েকবার পাল্টা আক্রমণে ওঠে নরওয়ে। সেই চাপের ফল আসে ৪৩তম মিনিটে। ডান দিক থেকে তৈরি হওয়া আক্রমণে সুযোগ পেয়ে গোল করেন মার্কাস হোমগ্রেন পেডারসেন। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নরওয়ে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ব্যবধান বাড়ান আর্লিং হলান্ড। ৪৮তম মিনিটে দ্রুতগতির এক আক্রমণ থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন নরওয়ের তারকা স্ট্রাইকার।
দুই গোলে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি সেনেগাল। ৫৩তম মিনিটে আক্রমণের ধার বাড়িয়ে ব্যবধান কমান ইসমাইলা সার। তার গোলে ম্যাচে ফেরার আশা জাগে আফ্রিকার দলটির।
তবে সেই আশা বেশিক্ষণ টিকতে দেননি হলান্ড। ৫৮তম মিনিটে আরেকটি সফল আক্রমণ থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি। স্কোরলাইন দাঁড়ায় ৩-১।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা সেনেগালের হাতে চলে যায়। তারা একের পর এক আক্রমণ চালাতে থাকে। পুরো ম্যাচে ১৬টি শট নেয় সেনেগাল, যেখানে নরওয়ের শট ছিল ১২টি। দুই দলই লক্ষ্যে রাখতে সক্ষম হয় ৬টি করে শট।
সেনেগালের বেশ কয়েকটি আক্রমণ অফসাইডের কারণে নষ্ট হয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও গোল করেন ইসমাইলা সার। তার জোড়া গোলে ব্যবধান কমে দাঁড়ায় ৩-২। শেষ মুহূর্তে সমতার জন্য মরিয়া চেষ্টা চালালেও আর গোল পায়নি সেনেগাল। শেষ পর্যন্ত ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।সংগৃহীত ঠবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :