রবিবার, ২৪ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১১:৫৯ পিএম

জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

ডেইলি খবর ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।ইউসুফ হোসেন হুমায়ুন একাধারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি।
শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। ছাত্রনেতা হিসেবে তিনি স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৫৪ সালে তৎকালীন ঢাকা জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন তিনি। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।১৯৬৬ সালে আইনজীবী হিসেবে এবং ১৯৬৯ সালে হাইকোর্ট বিভাগে প্রাকটিসের জন্য তালিকাভুক্ত হন ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ছিলেন। এ ছাড়া ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!