ডেইলি খবর ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কয়েকদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে সাবেদুর রহমান সুমু তাঁর বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায় একটি জানাজা হবে। তবে সেটির স্থান ও সময় এখনও নির্ধারণ করা হয়নি।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক এই সংসদ সদস্য বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের একজন ছিলেন।২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। পরে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে কারাবিধি অনুযায়ী ডিভিশন পাচ্ছিলেন তিনি। ২০২৫ সালের ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২০২৫ সালের ১৪ আগস্ট জামিনের মুক্তি পান।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম এস রহমান তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। মা পাঞ্জেবুনেছা। ১৯৬৬ সালে তিনি লাহোর থেকে খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৬ সালে লাহোরে পূর্ব পাকিস্তানের ছাত্রদের নিয়ে ছয় দফা আন্দোলনের সঙ্গে যুক্ত হন।
১৯৭০ সালের নির্বাচনে মীরসরাই আসন থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে যুদ্ধকালীন চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে তিনি গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বপরূপ ২০১৯ সালে সরকার তাঁকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :