ডেইলি খবর ডেস্ক: নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বগুড়ার হোটেল মম ইনে অবস্থানকালে মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে কক্ষ থেকে বের হওয়ার সময় তিনি মাটিতে পড়ে যান। এ সময় তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পরে দ্রুত তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে তারা একই হোটেলে অবস্থান করছিলেন। সকালে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন সোহেল খান। তার জন্য গাড়িও হোটেলের নিচে অপেক্ষা করছিল। এ সময় প্রোডাকশন ইউনিটের একজন কর্মী তাকে নিতে কক্ষে গেলে বের হওয়ার মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ঘটনার আগে সোহেল খান ড্রাগন ফল খেয়েছিলেন। তবে ফল খাওয়ার সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুর সুনির্দিষ্ট চিকিৎসাগত কারণও জানা যায়নি। উল্লেখ্য-অভিনেতা সোহেল খানের গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :