ডেইলি খবর ডেস্ক: দেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা প্রসঙ্গ বারবার উঠে আসছে। তার অবস্থান, ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা কিংবা ফিরে আসা নিয়ে চলছে আলোচনা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হয়েছে যে, তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অথবা কোনো আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে তার ফেরার পথ তৈরি হচ্ছে। এমনকি এ-সম্পর্কিত বার্তাও প্রচার বা প্রকাশ করা হচ্ছে। অভিযোগ উঠেছে, ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন তিনি। কিন্তু ভারতের লোকসভায় উপস্থাপন করা প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পাননি শেখ হাসিনা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে শেখ হাসিনার বিষয়ে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে।
তাতে বলা হয়েছে, শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। বরং চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার যে নীতি ভারত অনুসরণ করে আসছে, তা উল্লেখ করেছে সংসদীয় কমিটি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সরকার স্পষ্ট করেছে, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি।
এ ছাড়া লোকসভায় উপস্থাপন করা প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাঁকে ফেরত পাঠাতে বাংলাদেশ যে অনুরোধ করেছে, সে বিষয়টি জানার পর বিষয়টি পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারের কাছে জানতে চেয়েছিল পার্লামেন্টারি কমিটি। এ পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। সংগৃহীত ছবি,সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :