বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:০৭ এএম

এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশে কোরআনের বিধান ও আইন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক ‘দাওয়াতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আল্লাহর আইন বাস্তবায়নের প্রক্রিয়ায় সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে। তবে প্রশ্ন হচ্ছে, আপনাকে-আমাকে নিয়ে, নাকি আপনাকে-আমাকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম হলো? আমরা যদি তার সঙ্গী হতে না পারলাম, আমরা কি সৌভাগ্যবান হব? আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা যেন আমাদের দান করেন।’

সমাবেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে বিরোধীদলীয় নেতা বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন তৈরি করে সমাজকে অশান্তির দিকে ঠেলে দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, বিভেদহীন সমাজ বিনির্মাণ করাই ইসলামের শিক্ষা এবং জামায়াত বাস্তবে কাজের মাধ্যমেই তা প্রমাণ করে দেখাবে।

কওমি মাদ্রাসা সংশ্লিষ্টদের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরে জামায়াত আমির জানান, তারা কওমি জনগোষ্ঠীকে পৃথক কোনো সত্তা হিসেবে দেখেন না এবং তাদের প্রতি আন্তরিক দোয়া রয়েছে। সংসদের ভেতরে তাদের প্রতিনিধিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদে তাদের অধিকারের পক্ষে কথা বলা আমরা আমাদের দায়িত্ব মনে করি। এটা কোনো ব্যক্তিবিশেষ বা সমাজের একটা অংশকে খুশি করার জন্য আমরা বলি না; এই কথাগুলো আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে বলি এবং ভবিষ্যতেও বলে যাব।’

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন দলের মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য জয়নুল আবেদিন এবং সাবেক বিচারপতি সাঈদ শাহেদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!