মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০১:৫৫ পিএম

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

ডেইলি খবর প্রতিবেদক: বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘বিএনপি ১৬ বছরে বিরোধীদল হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এখন সরকারেও ব্যর্থ।’

আজ সোমবার ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি সরকার ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোটা দাগে ২৯টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই তারা রক্ষা করতে পারেনি।’

তিনি বলেন, ‘জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি চিহ্ন মুছে ফেলা হয়েছে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘দীর্ঘদিন ধরে র‍্যাব বিলুপ্তির দাবি থাকলেও সেটি না করে সরকার নতুন নামে সংস্থাটিকে পুনর্গঠন করছে। শুধু নিষেধাজ্ঞা থেকে বাঁচতেই সরকার এটি করছে।’

এ সময় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে না আনতে পারা সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘সরকার পরিচালনায় ছয় মাস যথাযথ সময় না হলেও তাদের ব্যর্থতা এবং অপরিকল্পনার জন্য জনগণের কাছে তারা দুঃখ প্রকাশ করেনি। সরকার তাদের পুরনো রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। যদি সরকার সেখান থেকে ফিরে না আসে তাহলে তাদেরকে ব্যাপক গণ আন্দোলনের মুখে পড়তে হবে।’

সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট ভারত সরকারের সহযোগিতাতেই দিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছে।’

তিনি বলেন, ‘গ্যাস সংকটে কমেছে কারখানার উৎপাদন। দাম বাড়াবে না বলেও তিন মাসের মধ্যে বিএনপি বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে।’

‘বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম দায় নেই। কোনো সংকট আসলে বিগত সরকারের ওপর দায় চাপাচ্ছে, যা কোনোভাবে কাম্য নয়’, যোগ করেন নাহিদ ইসলাম। ছবি সংগৃহীত

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!