রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরৈাচনা হতে পারে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ১০:৩৭ এএম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরৈাচনা হতে পারে

ডেইলি খবর প্রতিবেদক: দেশের রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ (শনিবার) সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলটির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনই প্রধান আলোচ্য বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের পরিকল্পনা রয়েছে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন, তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হতে পারে। তবে গুরুত্বপূর্ণ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন।

এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় এক কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে প্রার্থী করা হবে, সে সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।

যদিও সম্ভাব্য প্রার্থী নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দলীয় অন্দরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘদিন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক সংকটের সময় নেতৃত্ব দেওয়া, পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এবং দলীয় গণ্ডির বাইরেও গ্রহণযোগ্যতা তাকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রেখেছে বলে সংশ্লিষ্ট নেতাদের ধারণা।

এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রপতির পদ কেবল আনুষ্ঠানিক নয়; সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় এ পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে দলটি সতর্ক ও পর্যালোচনাভিত্তিক সিদ্ধান্ত নিতে চায়।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

দলীয় সূত্র আরও জানিয়েছে, বিএনপির ঘোষিত ৩১ দফা কিংবা জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের যে নতুন পদ্ধতির প্রস্তাব ছিল, তা এবার কার্যকর হচ্ছে না। ফলে বিদ্যমান সাংবিধানিক বিধান অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!