রবিবার, ২৪ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভুল করলে জনগণ ক্ষমা করবে না : মির্জা ফখরুল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৯:৪৯ পিএম

ভুল করলে জনগণ ক্ষমা করবে না : মির্জা ফখরুল

ডেইলি খবর ডেস্ক: ভুল করলে জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের মানুষ সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝেন, সবকিছু জানেন। তারা কাউকে ক্ষমাও করে না। আমাদের যে ছেলেরা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দিই। আমাদের কারণে কখনো যেন তা ক্ষতিগ্রস্ত না হয়।’
শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। আপনাদের প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক। তারা প্রত্যাশা করে, আপনারা যে প্ল্যানিংগুলো করবেন,কাজগুলো করবেন তা যেন জনশক্তির কাজের লাগে। নিঃসন্দেহে আপনারা বাংলাদেশের অগ্রগতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন।’তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পিরোজপুর জেলায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। সেটা এলজিইডি ডিপার্টমেন্ট থেকেই হয়েছে। এ বিষয়গুলোর দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেবেন।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আজকে নতুন যে সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই সূর্যোদয়ের আলোয় আলোকিত হই। বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি করি। যাতে আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি।’সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যানস প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, ‘আইইবি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠান দল-মত নির্বিশেষে সব প্রকৌশলীকে একত্রিত করে দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ প্রকৌশলী সমাজ গড়ে তোলার মাধ্যমে আইইবি দেশের অগ্রযাত্রায় ধারাবাহিক অবদান রেখে চলেছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী।
আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!