নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানেই সিটি নির্বাচন হবে।
ঢাকাসহ দেশের ছয় সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকদের সঙ্গে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে বৈঠকের পর স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন।এর আগে ৬ সিটি করপোরেশনে নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এসে আনুষ্ঠাংিনকভাবে যোগ দেন।
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন হবে কি-না, তা ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে।
ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমলাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা আরও ভালোভাবে কাজ করবে।
স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় আগে নির্বাচন হবে। সেক্ষেত্রে ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনের নির্বাচন হবে।
এদিকে সচিবালয়ে সাক্ষাতের পর মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেন ছয় প্রশাসক। তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নিবেন নতুন প্রশাসকরা।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :