ডেইলি খবর ডেস্ক: আসন্ন ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার পথে পাটুরিয়া ফেরিঘাট থেকে নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সী কিশোর এস এম আয়মানুল হক আয়মান। মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ৩টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি ফেরি থেকে সে নিখোঁজ হয়।
আয়মানের বাবা এস এম রাকিবুল হক ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের বিজনেস হেড। তিনি জানান, ঈদ করতে পরিবারসহ রাজবাড়ির গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তারা। বিকালে তাদের গাড়ি একটি ফেরিতে ওঠে। আয়মান প্রথমে গাড়ির ভেতরেই ছিল। পরে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নেমে ফেরির ভেতরে হাঁটাহাঁটি করে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি আরও জানান, পরিবারের অন্য সদস্যদের নিরাপদে বাড়িতে পাঠিয়ে তিনি শিবালয় থানায় যান। পাশাপাশি নৌ-পুলিশ ও কন্ট্রোল রুমেও যোগাযোগ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আয়মানের কোনও খোঁজ মেলেনি।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘‘শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শিশুটিকে উদ্ধারের জন্য সব জায়গায় বার্তা দেওয়া হয়েছে।’’তিনি আরও বলেন, ‘‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা তাকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’’কেউ আয়মানের খোঁজ পেলে এই নম্বরে ০১৭১৩৪৪৪৩৪৩ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরেবার।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :